ফারাজ হোসেনের চেহলাম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের চেহলামে ছোট ভাইকে নিয়ে স্মৃতিচারণ করছেন যারেফ আয়াত হোসেন। গতকাল গুলশানে এ চেহলাম অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের চেহলামে ছোট ভাইকে নিয়ে স্মৃতিচারণ করছেন যারেফ আয়াত হোসেন। গতকাল গুলশানে এ চেহলাম অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসরের নামাজের পর গুলশানে ফারাজের নানা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের বাসায় চেহলাম অনুষ্ঠিত হয়।
চেহলাম উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে ফারাজ হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্টজনেরা চেহলামে অংশ নেন। মাওলানা এরশাদউল্লাহ মিলাদ মাহফিল পরিচালনা করেন। এরপর ফারাজের নানা লতিফুর রহমান ও বড় ভাই যারেফ আয়াত হোসেন সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
যারেফ আয়াত হোসেন ছোট ভাইয়ের স্মৃতিচারণা করে অনুজের সাহসিকতা ও মহৎ মানবিক গুণাবলির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘আজ বন্ধুত্ব দিবস। এমন একটা দিনই তো ফারাজের কথা বলার জন্য একটি ভালো দিন। বন্ধুত্বের জন্য ফারাজ যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছে, তা উদাহরণ হয়েই থাকবে।’
প্রিয় নাতি সম্পর্কে বলতে গিয়ে লতিফুর রহমান বলেন, ‘মৃত্যু জেনেও ফারাজ যে মানবিকতা ও মূল্যবোধ দেখিয়েছে তা বিরল। এই সিদ্ধান্ত আমি নিজেও নিতে পারতাম না।’ তিনি সবার কাছে দোয়া চান, যাতে পরিবারের সদস্যরা সারা জীবন এই মূলবোধ ধরে রাখতে পারে।
পরে ফারাজ ও তাঁর বন্ধুসহ জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।
চেহলামে অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, সাবেক সচিব মতিউল ইসলাম, তানভীর আহমেদ, আবদুল মোমেন চৌধুরী, এ কে এইচ মোর্শেদ, ফারুক আলমগীর চৌধুরী, ব্যবসায়ী নেতাদের মধ্যে আনিস উদ দৌলা, মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ, কুতুবউদ্দিন আহমেদ, আফতাবউল ইসলাম, সৈয়দ নাসিম মঞ্জুর, এম এ কাশেম, এম এ মোমেন, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, কামরান টি রহমান, সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমি) আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আবরার এ আনোয়ার, এইচএসবিসির মাহবুবুর রহমান, বিশিষ্ট নারীদের মধ্যে লায়লা রহমান কবির, রোকিয়া আফজাল রহমান, গীতিআরা সাফিয়া চৌধুরী, নিলুফার মঞ্জুর, মালেকা বেগম, নিহাদ কবির প্রমুখ।
ফারাজ আইয়াজ হোসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের নাতি এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে। ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ছুটিতে দেশে এসে তিনি ১ জুলাই বন্ধুদের সঙ্গে হলি আর্টিজান রেস্তোরাঁয় গিয়েছিলেন। ঢাকার স্যার জন উইলসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষার্থী তিনি। তাঁর জন্ম ১৯৯৬ সালের ১৫ এপ্রিল।
ঢাকার গুলশানের বাড়ি ছাড়াও গতকাল দেশের বিভিন্ন স্থানে ফারাজ হোসেনের চেহলাম অনুষ্ঠিত হয়। এর মধ্যে ওষুধ কোম্পানি এসকেএফের তিনটি প্ল্যান্ট, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৩০টি শাখা, ট্রান্সকম বেভারেজের দুটি প্ল্যান্ট এবং গ্রামের বাড়ি কুমিল্লার চিওড়ায় চেহলাম অনুষ্ঠিত হয়।