ফারাজ হোসেন ও অবিন্তা কবীরের জানাজা অনুষ্ঠিত

ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীরের নামাজে জানাজা আজ সোমবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় বর্বর সন্ত্রাসী হামলায় এ দুজন নিহত হন।
জানাজায় আনিসুজ্জামান, রফিক-উল হক, সৈয়দ মঞ্জুর এলাহী, আনিসুল ইসলাম মাহমুদ, ইনাম আহমদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবুল হাসান চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী, আক্কু চৌধুরী, মফিদুল হক, সালেহউদ্দিন আহমেদ, সমশের মবিন চৌধুরী, মাহ্ফুজ আনাম, মতিউর রহমান, আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম চৌধুরী, আবদুল মাতলুব আহমাদ, এ কে আজাদ, আতিকুল ইসলাম, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, সাইফুল ইসলাম, রেজা আলী প্রমুখ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
জানাজার আগে অবিন্তা কবীরের বাবা এহসানুল কবীর বলেন, গত শুক্রবার এক সন্ত্রাসী হামলায় তার মেয়ে নিহত হন। মেয়ের কাছ থেকে কারও কিছু দেনা-পাওনা থাকলে তার কাছ থেকে নেওয়া জন্য বলেন এহসানুল কবীর। কাল মঙ্গলবার রাজধানীতে তাদের বাসার মেয়ে অবিন্তা কবীরের জন্য দোয়া আয়োজন করা হয়েছে।
জানাজার আগে ফারাজ আইয়াজ হোসেনের বড় ভাই যারেফ আয়াত হোসেন বলেন, তার ছোট ভাই ফারাজ আইয়াজ হোসেনকে আমরা ছোট বলে ডাকতাম। তার ছোট ভাই বর্বর সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। জীবনের চলার পথে কারও মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। দেনা-পাওনা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।
যারেফ আয়াত হোসেন জানান, তার ছোট ভাইয়ের কুলখানি আগামী রোববার বাদ আসর রাজধানীর গুলশানের বাসায় অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শোক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর বেলা পৌনে একটার দিকে ফারাজের মরদেহ গুলশানে নেওয়া হয়। তাঁর নানা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের বাসায় মরদেহ রাখা হয়। সেখান থেকে গুলশানের আজাদ মসজিদে ফারাজের মরদেহ নেওয়া হয়। সেখানেই ফারাজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে।