ফারাজ হোসেন ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

ফারাজ হোসেন ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত শনিবার রাজধানীর র‍্যাডিসন হোটেলে ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৭’ প্রদান অনুষ্ঠানে এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।

গত বছরের ১ জুলাই রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় দুই বন্ধুকে ছেড়ে আসতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীদের হাতে নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। এই সাহসী তরুণের নামে ট্রান্সকম গ্রুপ প্রতিষ্ঠা করেছে ফারাজ হোসেন ফাউন্ডেশন। তাঁর নানা লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং মা সিমিন হোসেন ওষুধ কোম্পানি এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক।

অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশনটি ইতিমধ্যে কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে কাজ শুরু করেছে। পাশাপাশি পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সঙ্গে প্রতিবন্ধী মানুষের সহায়তায় কাজ করছে।

শনিবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক ও ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন এই ফাউন্ডেশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের কথা বিবেচনায় না নিয়ে মানুষের কল্যাণে কাজ করবে এই ফাউন্ডেশন। পরিণতির কথা না ভেবে মানবিকভাবে যা সঠিক তা নিয়ে এই ফাউন্ডেশন কাজ করবে। কারণ এই ফাউন্ডেশন যার নামে সেই ফারাজ হোসেন সেই চেতনার একজন ছিলেন।

ফাউন্ডেশনের ওপর একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে দেখানো হয়। তাতে দেখা যায় ফাউন্ডেশনের কর্মীরা ‘আমরা ফারাজ’ লেখা ক্যাপ মাথায় দিয়ে ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিলি করেছেন। যারেফ হোসেন বলেন, সিআরপির সঙ্গে প্রতিবন্ধীদের সহায়তায় কাজ করছে ফাউন্ডেশন। সিআরপিতে ‘ফারাজ হোসেন কেন্দ্র’ খোলা হয়েছে। এই ফাউন্ডেশন সম্পর্কে আরও জানা যাবে (www.faraazhossainfoundation.com) এই ওয়েবসাইটে গেলে।