ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহায়তায় বিনা মূল্যে চক্ষু পরীক্ষা
ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানী ঢাকার কল্যাণপুর বস্তিতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষার জন্য দিনব্যাপী চক্ষুশিবিরের কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন উদ্বোধন করেন ড্রিসট্রেস্ট চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম পরিচালক সৈয়দ ওয়াসিম।
ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় ড্রিসট্রেস্ট চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এই কার্যক্রমের আয়োজন করে। ফারাজ আইয়াজ হোসেন ও প্রয়াত চক্ষু চিকিৎসক সৈয়দ এ ওয়াদুদের স্মরণে এই আয়োজন করা হয়।

দিনব্যাপী এই চক্ষুশিবিরে চিকিৎসা সেবা দেবেন ডিএইচআইএস জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের কনসালট্যান্ট খুরশিদ জামান ও বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার আজাদুর রহমান।
এই চক্ষুশিবির কর্মসূচিতে দরিদ্র মানুষের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এ ছাড়া বিনা মূল্যে চোখের ড্রপ ও ওষুধ দেওয়া হয়। যাদের চোখে ছানি সমস্যা রয়েছে, তাঁদের পরবর্তী সময়ে এই চক্ষুশিবিরের আওতায় বিনা মূল্যে অস্ত্রোপচার করানোর ব্যবস্থা করা হবে। দুপুর ১২টা পর্যন্ত এখানে শিশু ও বয়স্ক প্রায় তিন শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়।

গত বছরের ১ জুলাই রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় দুই বন্ধুকে ছেড়ে আসতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীদের হাতে নিহত হন ফারাজ আইয়াজ হোসেন।
বিনা মূল্যে চক্ষুশিবির কর্মসূচির উদ্বোধনের সময় ডিসিআইয়ের ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম পরিচালক সৈয়দ ওয়াসিম বলেন, ‘ফারাজ হোসেন মাত্র ২০ বছর বয়সে যে সাহস দেখিয়েছেন, সেটি আমরা ভাবতেও পারি না। মানবিকতা, সাহস ও বন্ধুত্বের যে নিদর্শন ফারাজ দেখিয়েছেন ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্দেশ্য সেই অনুভূতি জিইয়ে রাখা।’ তিনি বলেন, এ ধরনের বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প বা চক্ষুশিবির করতে অর্থনৈতিক সহযোগিতা দরকার। ফারাজ হোসেন ফাউন্ডেশন যদি পাশে থাকে তবে নিয়মিত এ ধরনের চক্ষুশিবির বা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা যাবে।
এ বিষয়ে ফারাজ হোসেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল বিনয় দাস বলেন, শুধু মেডিকেল ক্যাম্প বা চক্ষুশিবির নয় যেখানেই বঞ্চিত ও অসহায় লোকজন থাকবে সেখানেই ফারাজ হোসেন ফাউন্ডেশন তাঁদের পাশে থাকবে। ইতিমধ্যে ফারাজ হোসেন ফাউন্ডেশন রোহিঙ্গা ক্যাম্পে সহস্রাধিক রোহিঙ্গা পরিবারের দায়িত্ব নিয়েছে। সিআরপিতে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জন্য একটি বিশেষায়িত সেন্টার করা হয়েছে। ফারাজ হোসেন ফাউন্ডেশন সারা দেশে বিনা মূল্যে এ রকম চক্ষুশিবির ও মেডিকেল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করবে।
এ সময় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ও ডিসিআইয়ের কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক এ কে আজাদ খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক বিপণন ও বিক্রয় মো. মোজাহিদুল ইসলাম, ফারাজ হোসেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল বিনয় দাস, আরএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা কাদির, আরএসসির প্রকল্প ব্যবস্থাপক জামাল আবদুন নাসের উপস্থিত ছিলেন।