ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার পেলেন মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরাজের হাতে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৬–এর সনদ তুলে দিচ্ছেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: প্রথম আলো
মিরাজের হাতে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৬–এর সনদ তুলে দিচ্ছেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: প্রথম আলো


মাদারীপুরের মো. মিরাজ সরদার পেলেন ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের নামে পেপসিকো গ্লোবালের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রথমবার এই পুরস্কার জিতলেন মিরাজ সরদার।

মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী জঙ্গিকে হাতেনাতে ধরে ফেলেন মিরাজ। পরে হত্যার চেষ্টাকারী ওই জঙ্গিকে পুলিশের হাতে সোপর্দ করে শিক্ষক রিপন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান মিরাজ।

পুরস্কারের অর্থ মূল্য ১০ হাজার ডলার। এ ছাড়া একটি সনদও দেওয়া হবে। আগামী ২০ বছর এই পুরস্কার দেওয়া হবে। এ জন্য দুই লাখ মার্কিন ডলারের একটি তহবিল গঠন করা হয়েছে। এই পুরস্কারের লক্ষ্য সঙ্গী বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে কোনো ব্যক্তির অনন্য সাহসিকতার স্বীকৃতি দেওয়া।

পুরস্কার পাওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মিরাজ সরদার বলেন, ‘আমি ধর্ম মানি, বিশ্বাস করি। তবে ধর্মের নামে যারা অধর্ম করে তাদের বিরুদ্ধে সোচ্চার হই।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার তুলে দেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি। আর সনদ তুলে দেন জুরি বোর্ডের আহ্বায়ক স্যার ফজলে হাসান আবেদ। ফারাজের নানা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান এবং ফারাজের মা সিমিন হোসেন এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রস্তাবিত তরুণ বা তরুণীদের মধ্য থেকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন। এ লক্ষ্যে স্যার ফজলে হাসান আবেদকে আহ্বায়ক করে আট সদস্যের জুরিবোর্ড গঠন করা হয়। জুরিবোর্ডের অন্য সদস্যরা হলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার আনোয়ার, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মনিষ মুলে, ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সাবাহাত জাহান এবং ফারাজের নানা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।

গত ১ জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারিতে ভয়ানক হামলার ঘটনায় নিহত হন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ আইয়াজ হোসেন। পুরস্কারের ঘোষণায় পেপসিকো গ্লোবালের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি প্রকৃত বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুদের জন্য জীবন উৎসর্গ করেছেন, দৃঢ়তার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে ভিন্ন ভিন্ন গোষ্ঠী, ধর্ম ও জাতীয়তার মানুষের মানবিকতাকে একসূত্রে সংযুক্ত করেছেন। ফারাজের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে বিশ্ব এখন জানে, বাংলাদেশ এ ধরনের মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়ায়। বাংলাদেশি তরুণ বা তরুণীদের মধ্যে সাহসিকতার স্পৃহাকে উদ্দীপ্ত করতে এবং ফারাজের চেতনা জাগিয়ে তোলাই এই পুরস্কারের লক্ষ্য।

মিরাজের হাতে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার-২০১৬ তুলে দিচ্ছেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি। ছবি: প্রথম আলো
মিরাজের হাতে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার-২০১৬ তুলে দিচ্ছেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি। ছবি: প্রথম আলো