ফারাজকে চোখের পানিতে শেষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনেরা। ছবি: প্রথম আলো
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনেরা। ছবি: প্রথম আলো

তিন দিনের মাথায় মায়ের কাছে ফিরেছেন ফারাজ। পরম মমতায় বুকে জড়িয়ে ধরে ছেলের মুখে চুমো খেলেন মা। কিন্তু ‘ছোট্ট’ ফারাজের কোনো সাড়া নেই। ফারাজের দেহ মায়ের কাছে এসেছে, কিন্তু ফারাজ চলে গেছেন না-ফেরার দেশে।
গত শুক্রবার রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় বর্বর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণ হারান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের সন্তান ফারাজ আইয়াজ হোসেন (২০)। গত শুক্রবার তিনি বন্ধুদের সঙ্গে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন।
গতকাল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরদেহ হস্তান্তর করার পর ফারাজের স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে যান গুলশানের আজাদ মসজিদে। সেখানে তাঁকে গোসল করানোর পর বেলা পৌনে একটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানে নানা লতিফুর রহমানের বাসভবনে। বাসার সামনের লনে লাশবাহী গাড়িতেই ছিলেন ফারাজ। মৃত্যুর তিন দিনের মাথায় ছেলেকে প্রথম দেখতে পেলেন মা সিমিন হোসেন। পাশে ছিলেন ফারাজের বড় ভাই যারেফ। এরপর ফারাজের পরিবারের অন্য সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব শেষবারের মতো ফারাজকে চোখের দেখা দেখে নেন। এ সময় অনেকে ডুকরে কেঁদে ওঠেন।
আসরের নামাজের আগে জানাজার জন্য মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আনিসুজ্জামান, রফিক-উল হক, সৈয়দ মঞ্জুর এলাহী, আনিসুল ইসলাম মাহমুদ, ইনাম আহমদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবুল হাসান চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী, আক্কু চৌধুরী, মফিদুল হক, সালেহউদ্দিন আহমেদ, সমশের মবিন চৌধুরী, মাহ্ফুজ আনাম, মতিউর রহমান, আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম চৌধুরী, আবদুল মাতলুব আহমাদ, এ কে আজাদ, আতিকুল ইসলাম, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, সাইফুল ইসলাম, রেজা আলী প্রমুখ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
জানাজার আগে ফারাজ আইয়াজ হোসেনের বড় ভাই যারেফ আয়াত হোসেন বলেন, ‘আমার ছোট ভাই ফারাজ আইয়াজ হোসেনকে আমরা “ছোট্ট’’ বলে ডাকতাম। আমার ছোট ভাই বর্বর সন্ত্রাসী হামলায় শাহাদত বরণ করে। জীবনের চলার পথে কারও মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।’
যারেফ বলেন, তাঁর ছোট ভাইয়ের কুলখানি আগামী রোববার বাদ আসর রাজধানীর গুলশানের বাসায় অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বনানী কবরস্থানে ফারাজকে তাঁর খালা শাজনীন তাসনিম রহমানের কবরের পাশে দাফন করা হয়। এ সময় বাবা ওয়াকার হোসেন, বড় ভাই যারেফ আয়াত হোসেন, মা সিমিন হোসেন, নানা লতিফুর রহমানসহ পরিবারের সদস্যরা চোখের পানিতে ফারাজকে শেষবিদায় জানান।