ফারাজকে মাদার তেরেসা পুরস্কার দেওয়া হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

ঢাকার গুলশানে জঙ্গি হামলার সময় বন্ধুদের জন্য আত্মোৎসর্গকারী ফারাজ আইয়াজ হোসেনকে মাদার তেরেসা পুরস্কার দেওয়া হচ্ছে আজ। ওই ঘটনায় সাহসী ভূমিকার জন্য ফারাজকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিসে ভূষিত করেছে ভারতের মুম্বাইভিত্তিক হারমনি ফাউন্ডেশন।
ফারাজের অভিভাবকেরা সন্তানের পক্ষে পুরস্কার গ্রহণের জন্য মুম্বাই গেছেন। এবারই প্রথম কাউকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হচ্ছে।
হারমনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই এই পুরস্কারের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলেছিলেন, ফারাজ ১ জুলাই সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি তাঁর বন্ধুদের সন্ত্রাসীদের শিকার হতে দিতে অস্বীকৃতি জানিয়ে তাঁদের পক্ষে দাঁড়িয়েছিলেন। এ কারণে তিনি ‘বীর’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ মাদার তেরেসার আদর্শ প্রচার করার লক্ষ্যেই মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ২০০৫ সাল থেকে। এবার দেওয়া হচ্ছে দ্বাদশ পুরস্কার। এর আগে মাদার তেরেসা পুরস্কার পাওয়া উল্লেখযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো ডক্টরস উইদাউট বর্ডার, দালাই লামা, মাহাথির মোহাম্মদ, ব্যারনেস ক্যারোলাইন কক্স, মালালা ইউসুফজাই প্রমুখ।