ফারাজসহ ১০ বিশিষ্ট ব্যক্তির নামে বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ জাতীয় প্রেসক্লাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত নতুন উদ্যোক্তা তৈরির জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিষয়ে সংবাদ সম্মেলনের পর সংশ্লিষ্ট সবাই। ছবি: আশরাফুল ইসলাম
আজ জাতীয় প্রেসক্লাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত নতুন উদ্যোক্তা তৈরির জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিষয়ে সংবাদ সম্মেলনের পর সংশ্লিষ্ট সবাই। ছবি: আশরাফুল ইসলাম

নতুন উদ্যোক্তা তৈরির জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘আর ইউ দ্য নেক্সট স্ট্যার্টআপ?’ দ্বিতীয় পর্বের বিজয়ীদের ১০ জন বিশিষ্ট ব্যক্তির নামে বৃত্তি দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে সারা দেশ থেকে বাছাই করা যোগ্য এবং উদ্যমী তরুণ-তরুণীদের পূর্ণবৃত্তি দিয়ে সহায়তা করা হবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা।
সৈয়দ মারুফ রেজা বলেন, আর ইউ দ্য নেক্সট স্ট্যার্টআপ? নামে গত বছর এই শিরোনামে উদ্যোক্তা খোঁজার প্রতিযোগিতা শুরু করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বছর দ্বিতীয় দফায় এই প্রতিযোগিতার জন্য আজ ১ এপ্রিল শনিবার থেকেই অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। তিনি আরও বলেন, এই বৃত্তি কর্মসূচিতে বিজয়ী মেধাবী তরুণ-তরুণীদের যে পূর্ণবৃত্তি দেওয়া হয়ে আসছে, তা এখন থেকে বিশিষ্ট এই ব্যক্তিদের নামেই অঙ্কিত হবে। এ দেশের সামগ্রিক অগ্রগতিতে তাঁদের বিশেষ অবদানের কথা স্মরণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের প্রতি এটা এক সামান্য সম্মাননামাত্র।
যাঁদের নামে এই বৃত্তি দেওয়া হবে, তাঁরা হলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, এসিআইয়ের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, এডকম লিমিটেডের গীতি আরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন্স এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বিআরবির চেয়ারম্যান মজিবুর রহমান এবং সাহস ও বন্ধুত্বের প্রতীক ফারাজ আয়াজ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতায় অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে এই সাইটে, http://next-startup.net/
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক আবু তাহের খান, এসকে অ্যান্ড এফের পরিচালক মুজাহিদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আর ইউ দ্য নেক্সট স্ট্যার্টআপের প্রথম পর্বের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।