ফারাজের আত্মত্যাগ অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডগলাস হিকস (বাঁয়ে)। পাশে অধ্যাপক জোসেফ মুন, সহকারী ডিন রবার্ট কেভিন এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ফারাজের নানা লতিফুর রহমান। গত রোববার প্রথম আলো কার্যালয়ে।  ছবি: প্রথম আলো
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডগলাস হিকস (বাঁয়ে)। পাশে অধ্যাপক জোসেফ মুন, সহকারী ডিন রবার্ট কেভিন এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ফারাজের নানা লতিফুর রহমান। গত রোববার প্রথম আলো কার্যালয়ে। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেছেন, পড়াশোনা শেষে শিক্ষার্থী কতটা সফল হলো, তার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়ন হয়। এমোরি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে ফারাজ হোসেনের চেয়ে সফল কোনো শিক্ষার্থী নেই। ফারাজ হোসেনের আত্মত্যাগ তাই তাঁদের গর্বিত করেছে।

গত রোববার রাতে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কথাগুলো বলেন বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক।

এ বছরের সমাবর্তনে ফারাজ আইয়াজ হোসেনকে গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি দিয়েছে এমোরি বিশ্ববিদ্যালয়ের গয়জুয়েতা স্কুল অব বিজনেস। গ্র্যাজুয়েট শিক্ষাবর্ষ শেষ হওয়ার দুবছর আগেই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় তিনি মৃত্যুবরণ করেন। যুক্তরাষ্ট্রের আটলান্টার খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয় তাদের প্রয়াত শিক্ষার্থীর নামে ‘ফারাজ হোসেন কোর ভ্যালু অ্যাওয়ার্ড’ও প্রবর্তন করেছে।

গত রোববার সন্ধ্যায় এমোরি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক জোসেফ মুন, ডগলাস হিকস ও রবার্ট কেভিনকে নিয়ে প্রথম আলো কার্যালয়ে আসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং ফারাজ হোসেনের নানা লতিফুর রহমান। সঙ্গে ছিলেন ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন। শুরুতে অতিথিদের কাছে প্রথম আলো নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। এরপর প্রদর্শন করা হয় প্রথম আলোর ১৯ বছর পূর্তি উপলক্ষে তৈরি
তথ্যচিত্র সাত সাহসিকা এবং ফারাজকে নিয়ে নির্মিত ছোটু।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, এমোরি বিশ্ববিদ্যালয়ের দেওয়া ফারাজ হোসেনকে স্বীকৃতি বাংলাদেশের জন্য বিরাট এক গৌরব। এমোরি বিশ্ববিদ্যালয় দেখিয়েছে, ২০ বছরের এক তরুণকে এভাবে সম্মানিত করা যায়। তাঁকে গ্র্যাজুয়েটের স্বীকৃতি দেওয়া, তাঁর নামে পুরস্কার চালু করা—নিঃসন্দেহে অনন্য স্বীকৃতি।

এমোরি বিশ্ববিদ্যালয়ে প্রথমে যারেফ এবং এর দুবছর পর ফারাজকে অভ্যর্থনা জানিয়েছিলেন ক্যাম্পাস লাইফবিষয়ক ডিন জোসেফ মুন। তিনি বলেন, ‘এখানে বসে ফারাজকে নিয়ে কিছু বলা খুব কঠিন। ১৮ বছর বয়সী এই তরুণ যে পারিবারিক মূল্যবোধ আর ঐতিহ্যে বেড়ে উঠেছিল, অক্সফোর্ডে থাকার সময় সে তা লালন করে গেছে। ফারাজ বয়সে ছিল তরুণ, হৃদয়ে ছিল প্রাপ্তবয়স্ক এক মানুষ। তার সঙ্গে পরিচয় হওয়াটা ছিল অত্যন্ত সম্মানের। ফারাজের মাতৃভূমি বাংলাদেশে আসতে পেরে সম্মানিত বোধ করছি।’

এমোরি বিশ্ববিদ্যালয়ের ধর্মশাস্ত্রের অধ্যাপক ডগলাস হিকস ফারাজের স্মৃতিচারণা করে বলেন, ‘গত বছর ফারাজের মা ও তাঁর নানা-নানি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অসময়ে চলে যাওয়া উজ্জ্বল এই তরুণের পরিবারের জন্য কী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। ফারাজের উদারতার জন্য তার পরিবারের প্রতি শ্রদ্ধা আর সমবেদনা জানাতে আমরা বাংলাদেশে এসেছি। ফারাজের পরিবারকে আমরা আমাদের পরিবার বলেই গণ্য করি।’

এমোরি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অ্যালামনাই সম্পর্কবিষয়ক সহকারী ডিন হিসেবে যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ানোই রবার্ট কেভিনের কাজ। ছোটু তথ্যচিত্রটি দেখে তিনি আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। ফারাজ সম্পর্কে বলতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে ওঠেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমাদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয় অ্যালামনাইদের সাফল্যের ভিত্তিতে। এমোরির অ্যালামনাইদের মধ্যে ফারাজের চেয়ে সফল শিক্ষার্থী কখনো পাওয়া যাবে না।’

সভায় আরও বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক ও ফিচার সম্পাদক সুমনা শারমীন। তাঁরা বলেন, ‘এমোরি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের মধ্যে ফারাজ এক সেতুবন্ধ। ফারাজকে গ্র্যাজুয়েশন দিয়ে সম্মানিত করে, বাংলাদেশকেই সম্মানিত করা হলো। আমরাও গর্ববোধ করছি। আপনারা এখন আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।’ ফারাজ হোসেনের প্রতি এমোরি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।