ফারাজের কুলখানি অনুষ্ঠিত
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার আসরের নামাজের পর গুলশানে ফারাজের নানা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের বাসায় কুলখানি অনুষ্ঠিত হয়।
ফারাজ আইয়াজ হোসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের নাতি এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে।
কুলখানি উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে ফারাজ হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আজ বিকেলে চারটা থেকেই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, রাজনীতিক, ব্যবসায়ী, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্টজনেরা কুলখানিতে অংশ নেন। অকালপ্রয়াত এই তরুণের বিয়োগব্যথায় সবাই ছিলেন বিষণ্ন। পবিত্র কোরআন তিলাওয়াত চলছিল। সব মিলিয়েই পরিবেশ হয়ে ওঠে বিষাদময়।

কুলখানিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, রফিক-উল হক, সাবেক মন্ত্রী সাইদুজ্জামান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, রোকিয়া আফজাল রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, তপন চৌধুরী, সাবেক সচিব তানভীর আহমেদ, আব্দুল মুয়ীদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, সমশের মবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ব্যবসায়ী নেতাদের মধ্যে মাহবুবুর রহমান, সালমান এফ রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ, আবদুল আউয়াল মিন্টু, আফতাবুল ইসলাম, ব্যবসায়ী এম এ হাশেম, মাহবুব জামিল, নাসিম মঞ্জুর, আরিফুদ্দৌলা, সালমান করিম, রূপালী চৌধুরী, আহসান খান, সাংসদ কাজী নাবিল আহমেদ, ঢাকায় ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে ঢাকা ব্যাংকের সৈয়দ মাহবুবুর রহমান, সিটি ব্যাংকের সোহেল আহমেদ চৌধুরী, সিটি ব্যাংক এনএর রাশেদ মাকসুদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আবরার এ আহমেদ, পূবালী ব্যাংকের হালিম এ চৌধুরী, বিশিষ্ট নারীদের মধ্যে হামিদা হোসেন, মালেকা বেগম, খুশী কবির, শিরীন হক, নীলুফার মঞ্জুর, পারভীন মাহমুদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলের শুরুতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে নারিন্দার পীর সাহেব শাহ সৈয়দ মুরাদুল্লাহ আহমেদ পবিত্র কোরআন-হাদিসের আলোকে বন্ধুত্বের মর্যাদার দিকটি তুলে ধরেন। তিনি বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধুত্বের পরিচয়। এই অতি অল্প বয়সী তরুণ বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন রেখে গেলেন। তাঁর মৃত্যু শহীদের সমপর্যায়ের।
পরে ফারাজের নানা লতিফুর রহমান ও বড় ভাই যারেফ আয়াত হোসেন সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
প্রিয় নাতির সম্পর্কে বলতে গিয়ে লতিফুর রহমানের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে পড়ে। অশ্রু সংবরণ করে তিনি বলেন, ‘সে ছিল বুদ্ধিদীপ্ত, সাহসী, সবদিক থেকেই ভালো ছেলে। ঈদের ছুটির আগে বন্ধুদের সঙ্গে কফি খেতে ওই রেস্তোরাঁয় গিয়েছিল ফারাজ। অন্য বন্ধুরা আসতে দেরি করে বলে তারা রেস্তোরাঁয় প্রবেশ করতে পারেনি। অবিন্তা কবীর ও তারিশি জৈন ঢাকায় একই স্কুলে ফারাজের এক শ্রেণি নিচে পড়ত। রেস্তোরাঁয় ওর সঙ্গে হয়তো ওদের দেখা হয়েছে। ওই মুহূর্তে ফারাজ প্রাণে বেঁচে যাওয়ার সুযোগ পেয়েও কেমন করে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল তা আমরা জানি না, কোনো দিন তা জানতেও পারব না। তার এই মহৎ মানবিক মূল্যবোধের যে পরিচয় আমরা পেয়েছি, এই প্রচণ্ড শোকের মধ্যে সেটিই আমাদের সান্ত্বনা। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে। সেই বাস্তবতাকে গ্রহণ করতে হয়।’
লতিফুর রহমান আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, বিদেশেও ফারাজের এই মানবিকতা ও সাহসিকতার দিকটি তুলে ধরা হয়েছে। প্রশংসিত হয়েছে। তাই আমরা মনে করি, ফারাজ তার আত্মদানের মধ্য দিয়ে দেশের মর্যাদাও বাড়িয়েছে।’
যারেফ আয়াত হোসেন ছোট ভাইয়ের স্মৃতিচারণা করে অনুজের সাহসিকতা ও মহৎ মানবিক গুণাবলির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, তাঁদের মা সব সময়ই তাঁদের ভালো মানুষ হতে অনুপ্রেরণা দিয়েছেন। ফারাজ নেই। কিন্তু সে বন্ধুত্বের জন্য, মানবিক মহিমার যে দৃষ্টান্ত রেখেছেন, সেদিকেই আজ সারা পৃথিবী তাকিয়ে আছে।
পরে পরম করুণাময় আল্লাহর কাছে এই অকালপ্রয়াত তরুণের বেহেশত নসিবের প্রার্থনা করে মোনাজাত করা হয়।
ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ছুটিতে দেশে এসে তিনি ১ জুলাই বন্ধুদের সঙ্গে হলি আর্টিজান রেস্তোরাঁয় গিয়েছিলেন। ঢাকার স্যার জন উইলসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষার্থী তিনি। তাঁর জন্ম ১৯৯৬ সালের ১৫ এপ্রিল।
আরও পড়ুন: