ফারাজের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

ফারাজ আইয়াজ হোসেনের কুলখানি আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আজ বাদ আসর (বিকেল পাঁচটা) গুলশানের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জঙ্গি হামলায় প্রাণ হারান।
ফারাজ আইয়াজ হোসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের নাতি এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে। তিনি সেদিন বন্ধুদের সঙ্গে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন।
ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ঢাকার স্যার জন উইলসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তিনি। তাঁর জন্ম ১৯৯৬ সালের ১৫ এপ্রিল।
ফারাজ হোসেনের পরিবার গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছে, ফারাজ নিহত হয়েছেন নির্মমতার শিকার হয়ে, কিন্তু তিনি মৃত্যুর মুহূর্তেও রেখে গেছেন উঁচু নৈতিকতার স্বাক্ষর। সন্ত্রাসীদের হাত থেকে ছাড়া পেয়েও বন্ধুদের জন্য তাঁর আত্মত্যাগের গল্প দেশে-বিদেশে মানুষের মুখে মুখে ফিরছে।
ফারাজ আইয়াজ হোসেনের কুলখানি উপলক্ষে বাড়ি এনই (জে)-৪, সড়ক ৮৩, গুলশান ২, ঢাকায় আয়োজিত মিলাদ মাহফিলে স্বজন–সুহৃদদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।