ফারাজের জন্মবার্ষিকী সিরাজগঞ্জে পালিত
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের ২১তম জন্মবার্ষিকী সিরাজগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার শহরের এসএস রোডে প্রথম আলো প্রতিনিধির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনুষ্ঠানিকতা শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে। পরে হয় আলোচনা সভায় ফারাজকে নিয়ে কথা বলেন দৈনিক করতোয়ার ব্যুরো প্রধান হেলাল আহমেদ, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, প্রথম আলোর সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মনিরা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে ফারাজকে নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রদর্শনীও করা হয়।
ফারাজ আইয়াজ হোসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও পরিচালক শাহনাজ রহমানের নাতি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেনের ছেলে। গত বছরের ১ জুলাই বন্ধুদের সঙ্গে হলি আর্টিজানে খেতে গিয়েছিলেন ফারাজ।
ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তাঁর জন্ম ১৯৯৬ সালের ১৫ এপ্রিল।