ফারাজের নামে এসকেএফের নতুন কারখানা ভবন
বাংলাদেশের অন্যতম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঢাকার টঙ্গীতে সর্বাধুনিক প্রযুক্তির নতুন একটি কারখানা চালু করেছে। একটি ইউরোপীয় পরামর্শক প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় এই কারখানাটি তৈরি করা হয়েছে। বিশাল পরিসরের এই কোম্পানিতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। আর এসব ব্যবস্থা করা হয়েছে যুক্তরাজ্যের এমএইচআরএ, যুক্তরাষ্ট্রের এফডিএ, অস্ট্রেলিয়ার টিজিএর মতো আন্তর্জাতিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নির্ধারিত মান অনুযায়ী।

মানবতার জন্য অসীম সাহসিকতা দেখিয়ে জীবন উৎসর্গ করা ফারাজ আইয়াজ হোসেনের নামে এই কারখানা ভবনের নামকরণ করা হয়েছে ‘ফারাজ আইয়াজ হোসেন ভবন’। ১৫ এপ্রিল ফারাজ আইয়াজ হোসেনের জন্মদিনে এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কারখানা ভবনে ‘ভ্যালুজ টু ভেলর’ বা সাহসের মূল্য নামের একটি স্মারক ভাস্কর্য স্থাপন করা হয়েছে। নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সাহসিকতার মতো বিষয়গুলো যাতে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়তে পারে, সেটি এই ভাস্কর্য স্থাপনের লক্ষ্য। গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় বর্বর সন্ত্রাসী হামলায় ফারাজ আইয়াজ হোসেন নিহত হন।
কারখানা উদ্বোধনের এই বিশাল আয়োজনে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান লতিফুর রহমান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের পরিচালক শাহনাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, শাজরেহ হক এবং অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর যে সামর্থ্য ও আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, সে রকমের সব সুযোগ-সুবিধা ও মানবসম্পদ বিশ্বমানের এই কারখানায় রয়েছে।’
এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন বলেন, সর্বাধুনিক প্রযুক্তির এই কারখানা স্থানীয় পর্যায়ে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর নিয়ন্ত্রিত বাজারে এসকেএফের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ফারাজ আইয়াজ হোসেন ভবন এসকেএফের দূরদর্শী চিন্তা ও দৃঢ়তার স্মারক। এর মাধ্যমে এসকেএফের ব্যবসা অন্য উচ্চতায় পৌঁছাবে এবং আরও বিস্তৃত হবে। বিজ্ঞপ্তি