ফারাজের নামে রাখলেন ছেলের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত সাহসী তরুণ ফারাজ আইয়াজ হোসেনের নামে নিজের ছেলের নাম রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বলেছেন, ফারাজের আত্মত্যাগে মোহিত হয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।

ওই শিক্ষকের নাম ফাহমিদা বেগম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর ভোরে রাজধানীর সেগুনবাগিচার একটি ক্লিনিকে ফাহমিদা ও মাহফুজুর রহমান চৌধুরী দম্পতির দ্বিতীয় ছেলের জন্ম হয়। বাবা-মা ও পরিবারের অন্যরা মিলে শিশুটির ডাকনাম ‘ফারাজ’ রাখার সিদ্ধান্ত নেন। পুরো নাম মাশরুর রহমান চৌধুরী। এ দম্পতির বড় ছেলের ডাকনাম ফাহমি।

শিক্ষক ফাহমিদা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘পরের জন্য ফারাজ নিজের জীবন উৎসর্গ করেছেন। এমন সাহসী তরুণের কথা আমার মনে গেঁথে ছিল। এরপর আমরা আমাদের ছেলের নাম রাখলাম ফারাজ।’

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ফারাজ আইয়াজ হোসেনসহ ২২ জন দেশি-বিদেশি নাগরিক নিহত হন।