ফারাজের নামে সন্তানের নাম

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত সাহসী তরুণ ফারাজ আইয়াজ হোসেনের নামে নিজেদের সন্তানের নাম রেখেছেন এক দম্পতি। ফারাজের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান দেখিয়ে মো. জাকির হোসেন ও খাদিজা আক্তার তাঁদের একমাত্র সন্তানের এই নাম রেখেছেন।
জাকির হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছেলের নাম ফারাজ আইয়াজ হোসেন রাখার বিষয়ে তিনি বলেন, তরুণ ফারাজ তাঁর বন্ধুদের রক্ষা করার জন্য সাহস ও বীরত্বের সঙ্গে রুখে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছেন। এটি বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। সেদিন বাঁচার সুযোগ পেয়েও বন্ধুদের ছেড়ে তিনি পালিয়ে যাননি। জীবন দিয়ে তিনি প্রমাণ করে গেছেন—বাংলাদেশিরা কোনো সন্ত্রাসী জাতি নয়, বাংলাদেশিরা বীরের জাতি। বন্ধুত্ব, বীরত্ব ও ত্যাগের মূর্ত প্রতীক ফারাজ আইয়াজ হোসেনের নামে তাঁরা তাই সন্তানের নাম রেখেছেন।
এই ফারাজের জন্ম এ বছরের ৮ মার্চ। এই দম্পতি বলেন, তাঁরা তাঁদের ছেলের মাঝে ফারাজ আইয়াজ হোসেনের জীবনদর্শন দেখতে চেয়েছেন।
গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন দেশি-বিদেশি নাগরিক নিহত হন।