ফারাজের প্রেরণায় শান্তির ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি কসমসে গতকাল শুরু হয়েছে চিত্র প্রদর্শনী ‘পিস’। উদ্বোধনী অনুষ্ঠানে (ডান থেকে) গ্যালারির পরিচালক তেহমিনা এনায়েত, প্রধান অতিথি সিমিন হোসেন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ফারাজের ভাই যারেফ আয়াত হোসেন, স্থপতি রবিউল হুসাইন ও শিল্পী প্রশান্ত কর্মকার l ছবি: প্রথম আলো
গ্যালারি কসমসে গতকাল শুরু হয়েছে চিত্র প্রদর্শনী ‘পিস’। উদ্বোধনী অনুষ্ঠানে (ডান থেকে) গ্যালারির পরিচালক তেহমিনা এনায়েত, প্রধান অতিথি সিমিন হোসেন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ফারাজের ভাই যারেফ আয়াত হোসেন, স্থপতি রবিউল হুসাইন ও শিল্পী প্রশান্ত কর্মকার l ছবি: প্রথম আলো

সন্ত্রাস ও উগ্রপন্থা কখনো শান্তি আনে না। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে কিছু কিছু মানুষ জীবন বিলিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, যা প্রজন্মের পর প্রজন্মকে কল্যাণের পথে, শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। এই অনুপ্রেরণা থেকে মানুষ নৃত্য করে, গান গায়, ছবি আঁকে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্যালারি কসমসে শুরু হয়েছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্র প্রদর্শনী ‘পিস’। অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমের ৫০টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত সাহসী তরুণ ফারাজ আইয়াজ হোসেনের মা ও ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন।

সমাজের নানা ঘটনা থেকে শান্তির অনুপ্রেরণা শিল্পসৃজনের কাজে লাগান শিল্পী। প্রশান্ত যেমন অনুপ্রাণিত হয়েছেন ফারাজ আইয়াজ হোসেনের থেকে, ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদের থেকে। ফারাজ বন্ধুর জন্য এবং জামিল বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ছবিগুলোর বিষয়বস্তু কেন ‘শান্তি’ জানতে চাইলে শিল্পী বললেন, ‘আমি দুঃখের ছবি আঁকি না।’ প্রদর্শনী উদ্বোধনের সময় বললেন, ‘ফারাজের ঘটনাটি জানার পর শুরুতে ভেঙে পড়েছিলাম। তবে বন্ধুদের জন্য জীবন দেওয়ার ঘটনাটি থেকে অনুপ্রেরণাও পেয়েছি।’ সেই অনুপ্রেরণা থেকেই শিল্পী এঁকেছেন ফারাজ, তাঁর দুই বন্ধু অবিন্তা ও তারিশির ছবি। গ্যালারিতে প্রবেশ করলেই চোখে পড়বে ফারাজ ও শহীদ জামিল উদ্দিন আহমেদের ছবি দুটি। এই দুজনকেই প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, শিল্পী কালিদাস কর্মকার, স্থপতি রবিউল হুসাইন, ফারাজের ভাই যারেফ আয়াত হোসেন, গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান, পরিচালক তেহমিনা এনায়েত প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এনায়েতুল্লাহ খান বলেন, দুটি সময়ের দুই প্রজন্মের দুজন মানুষ একই ঘটনার মধ্য দিয়ে সম্পৃক্ত হয়েছেন। নতুন প্রজন্মকে এ ঘটনা সততা ও সাহসিকতার শিক্ষা দেবে।

প্রদর্শনীটি চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে গ্যালারি।