ফারাজের বন্ধুত্বই জঙ্গিবাদ হটাবে, বিপথগামীদের ফিরিয়ে আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুর প্রতি ফারাজের যে ত্যাগ, সেটাই প্রমাণ করে বাংলাদেশের যুবসমাজ জঙ্গিবাদের বিরুদ্ধে। ফারাজের বন্ধুত্বই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ হটাবে। নিবরাসের মতো বিপথগামীদের ফিরিয়ে আনবে। গতকাল শনিবার বিকেলে এক বারোয়ারি বিতর্কে এসব কথা বলে খুদে বিতার্কিকেরা। নগরের বগুড়া রোডের রাইট ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘নিবরাসরা ভুলে গেছে, আমরা ভুলি নাই...’ বিষয়ের ওপর বারোয়ারি বিতর্কে অংশ নিয়ে স্কুল, কলেজের বিতার্কিকেরা যুক্তি দিয়ে বলে, ‘ফারাজ বন্ধুর জন্য জীবন দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ অন্যতম সম্প্রীতির দেশ। এখানে জঙ্গিবাদের উত্থান হতে পারে না। নিবরাসের মতো যারা বিপথে গিয়েছে, তাদের ফারাজের মতো বন্ধুত্ব দিয়ে ফিরিয়ে আনতে হবে। নিবরাসের মতো দু-একজন আমাদের অস্তিত্ব ভুলে গেলেও ফারাজের মতো হাজারো প্রাণ আমাদের বাঁচিয়ে দেবে। সামনে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে।’
বরিশাল ডিবেটিং সোসাইটির আয়োজন দুই দিনের আবাসিক বিতর্ক ক্যাম্প শেষে গতকাল ওই বারোয়ারি বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার্থীরা জঙ্গিবাদ সম্পর্কে এত গভীরভাবে উপলব্ধি করতে পারছে, এটা দেখে অভিভূত হয়েছি। আমরা মনে করি, আমাদের সন্তানেরা বাংলাদেশকে সত্যিই উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। জঙ্গিবাদের বিরুদ্ধে যুক্তির মাধ্যমে ওরা ওদের অবস্থান দৃঢ় করেছে। ওরা আমাদের দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে।’
বিতর্ক ক্যাম্পের প্রশিক্ষক ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক জাকারিয়া পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইট ফাউন্ডেশনের পরিচালক সাব্বির হোসেন, বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি এম এ মাসুদ।