ফারাজের মতো সাহসী তরুণেরা ভয় পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম l ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম l ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গুলশান ও শোলাকিয়ায় বিভ্রান্ত কিছু তরুণ রক্তাক্ত হামলা করেছে। ফারাজের মতো সাহসী বাঙালি সন্তানেরা কোনো ভয় পায়নি। বাঙালিরা ভয়কে জয় করেই দেশ স্বাধীন করেছিল।
গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বিএসএমএমইউ এ আলোচনা সভার আয়োজন করে।
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় যে ২০ জিম্মিকে হত্যা করা হয়েছিল তাদের একজন ফারাজ আইয়াজ হোসেন। ফারাজ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের দৌহিত্র। ফারাজকে জিম্মিকারীরা চলে যাওয়ার সুযোগ দিলেও তিনি তাঁর দুই বন্ধুকে ছাড়া যেতে রাজি হননি।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, শান্তির ধর্ম ইসলামকে যারা ব্যবহার করছে, তাদের খুঁজে বের করতে হবে। দেখতে হবে কারা কী কারণে জঙ্গি হামলা করছে। তিনি বলেন, ‘পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যার যে সাহস করতে পারেনি, তা এ দেশের কিছু বিশ্বাসঘাতক করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।’
মন্ত্রী বলেন, একসময় বলা হতো, দেশের মানুষের গোলাভরা ধান আর পুকুরভরা মাছ ছিল। তা এখন আর ইতিহাস নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে এখন মঙ্গা নেই। বাংলার মানুষের গোলাভরা ধান আর পুকুরভরা মাছ আছে।
মুখ্য আলোচক ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এ বাংলাদেশকে আমরা চিনি না, যেখানে জঙ্গিবাদের লালনপালন হয়। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ থেকে দূরে সরে এসেছি বলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।’ তিনি বলেন, ‘পাকিস্তানের ২৪ বছরে লক্ষ্যে স্থির থাকার যে পরিচয় আমরা বঙ্গবন্ধুর পাই, তা থেকে আমরা শিক্ষা নিতে পারি। তিনি নিজ সত্তাকে উপলব্ধি করেছেন ও করিয়েছেন। বঞ্চনার বিরুদ্ধে দেশের মানুষকে জাগিয়ে তুলেছেন।’
সভাপতির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের মানুষের মুক্তি। আমরা যদি নিজ নিজ জায়গায় আমাদের কাজগুলো ঠিকভাবে করে যাই, তাহলেই এ দেশ এগিয়ে যাবে।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, বঙ্গবন্ধুকে বাংলার মানুষ তাদের হৃদয়ে যে স্থান দিয়েছিল, গান্ধী ও জিন্নাহকেও তাঁদের জনগণ এমন স্থান দেয়নি।
আলোচনা সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, অধ্যাপক এম ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা এম এ আজিজ প্রমুখ।