ফারাজের শুরু করা যুদ্ধে এখন আমরা সবাই

দুই ছেলে যারেফ আয়াত হোসেন ও ফারাজ আইয়াজ হোসেনকে ছোটবেলা থেকে মা সিমিন হোসেন শিখিয়েছেন, জীবনে যা-ই হও না কেন, প্রথমে একজন ভালো মানুষ হবে।
গত ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় বন্ধুদের জন্য নিজের জীবন উৎসর্গ করেন ফারাজ। জঙ্গিরা তাঁকে ছেড়ে দিলেও তিনি বন্ধুদের ফেলে আসতে রাজি হননি। এরপর জঙ্গিরা তাঁকে তলোয়ার দিয়ে হত্যা করতে গেলে তিনি ডান হাত দিয়ে বাধা দেন। এরপর জঙ্গিরা তাঁর ঘাড়ের শিরা কেটে তাঁকে হত্যা করে।
ওই ঘটনায় সাহসী ভূমিকার জন্য আজ রোববার ফারাজকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিসে ভূষিত করেছে ভারতের মুম্বাইভিত্তিক হারমোনি ফাউন্ডেশন। ফারাজের অভিভাবকেরা এই পুরস্কার নিতে এখন মুম্বাইয়ে আছেন। গতকাল শনিবার মুম্বাইয়ে ভারতের শীর্ষ স্থানীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারাজের মা সিমিন হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বড় ছেলে যারেফ। এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ একটি প্রতিবেদন প্রকাশ করে।
ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না সিমিন হোসেন। সিমিন বলেন, ‘আমার ছেলে যে তাঁর বন্ধুদের পাশে দাঁড়াল, সেটাই ছিল প্রকৃত ইসলাম। যারা তাদের হত্যা করেছে, তারা ছিল দানব। ওই সন্ত্রাসীদের আমি প্রকৃত মুসলমান বলে মনে করি না।’
হারমোনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই ইতিপূর্বে বলেন, ‘ফারাজ একজন বীর। আর আমরা তাঁকে সম্মান জানাতে পেরে গর্বিত।’
ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবির ও তারিশি জৈন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল থেকে ছোটবেলার বন্ধু। তারিশি ভারতীয় হলেও বাবার কর্মসূত্রে থাকতেন ঢাকায়। পরে ফারাজ ও অবিন্তা জর্জিয়ার আটলান্টায় ইমোরি ইউনিভার্সিটিতে পড়তে চলে যান। আর যুক্তরাষ্ট্রের বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পড়তেন তারিশি। সেখান থেকে একটা বৃত্তি পেয়ে ঢাকায় কাজ করতে এসেছিলেন।
সেই রাতে এই তিন বন্ধু গল্প করতে গিয়েছিলেন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয়। আরেক বন্ধু মিরাজ আল হকেরও তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রেস্তোরাঁর ফটকে পৌঁছানোর পরপরই তাঁর সামনে এসে পড়ে এক বোমা। এরপরই ফিরে গিয়ে বেঁচে যান তিনি।
সিমিন হোসেন বক্তব্য দিতে গিয়ে সেদিনের তিনজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা তুলে ধরেন। সিমিন বলেন, ওড়নায় মাথা ঢাকা এক নারী ও এক দম্পতি রেস্তোরাঁর শৌচাগারের দরজার পেছনে লুকিয়ে ছিলেন। তাঁরা তাকে জানিয়েছেন, ‘ফারাজ তাঁর বন্ধুদের ছেড়ে আসতে রাজি হননি। সন্ত্রাসীরা যাঁদের আটক করেছিল, তাঁদের কোরআনের আয়াত পড়তে বলছিল। যাঁরা পড়তে পেরেছেন, তাঁদের ওরা ছেড়ে দিয়েছে।’ সন্ত্রাসীরা ইসলামের নাম ব্যবহার করে এসব অপকর্ম করছে বলে ক্ষোভ প্রকাশ করেন ফারাজের মা।
বন্ধুদের সঙ্গে ফারাজের সম্পর্ক বর্ণনা করতে গিয়ে সিমিন বলেন, বন্ধুদের সঙ্গে তাঁর ছিল মজার সম্পর্ক। সব সময়ই সে দুষ্টুমি করত। বিত্তবান ঘরের সন্তান হওয়ার পরও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পিছপা হয়নি সে। যারেফ ও ফারাজ দুজনেই সততা ও ন্যায়পরায়ণতার মতো মূল্যবোধকে সব সময় ধারণ করেছে। ফারাজ যেখানে গেছে, সেখানেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
ছোট ভাই ফারাজ সম্পর্কে যারেফ বলেন, ১ জুলাইয়ের ট্র্যাজেডির মধ্য দিয়ে একটি ভালো দিক বেরিয়ে এসেছে। মানুষ এ ঘটনায় ধাক্কা খেয়েছে। যারেফ মনে করেন, ‘১ জুলাইয়ের পর বাংলাদেশের মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।’
বাংলাদেশের বিশিষ্ট গীতিকার কবির বকুল ফারাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান লিখেছেন। গানটি এ রকম, ‘কে বলেছে ফারাজ তুমি নেই...তুমি আছ তুমি থাকবেই, প্রতিটি বন্ধুর হৃদয়েই।’
হোয়াটসঅ্যাপে ‘আওয়ার কিডস’ নামে একটি গ্রুপের মাধ্যমে সিমিন হোসেনের সঙ্গে অবিন্তা ও তারিশির মায়ের সব সময় যোগাযোগ হয়। সেখানে নিহত এই তিন বন্ধুর প্রতি মানুষ শ্রদ্ধা জানিয়ে অভাবনীয় সব বার্তা দিচ্ছে। সিমিন বলেন, ‘ফারাজ আমার কাছে ছোট্ট একটি ছেলে, কিন্তু সে একজন বীর, পৃথিবীর বহু মানুষের কাছে সে এক দৃষ্টান্ত। সে যে যুদ্ধ শুরু করে গেছে, আমরা সবাই এখন সে যুদ্ধে যোগ দিয়েছি।’