ফারাবি পাঁচ দিনের রিমান্ডে
ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে ফেসবুক ও ব্লগের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারাবি শফিউর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এ আদেশ দেন। ডিবি পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম গতকাল ফারাবিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফারাবি দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে ফেসবুক ও ব্লগের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা গত সোমবার পুলিশের কাছে স্বীকার করেছেন। পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারাবি জানিয়েছেন, তিনি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে, শাহবাগ আন্দোলন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ফেসবুক ও ব্লগে লেখালেখির মাধ্যমে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন ফারাবি। সর্বশেষ রাজীবের জানাজা পরিচালনাকারী ইমামকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।