ফারাবী আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের হাতে আটক অভিজিৎ রায় হত্যার অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবী l ছবি: প্রথম আলো
র্যাবের হাতে আটক অভিজিৎ রায় হত্যার অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবী l ছবি: প্রথম আলো

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় শফিউর রহমান ফারাবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেওয়া হয়। ডিবি পুলিশ এই হত্যা মামলা তদন্ত করছে।
ফারাবীর ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিলে তাঁর স্বজনেরা জানান, প্রথম দফা গ্রেপ্তারের পর পরিবারের লোকজন জানতে পারেন, ফারাবী নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে জড়িত। জেল থেকে মুক্তি পাওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে এ পথ থেকে ফিরে আসতে অনুরোধ করলেও তিনি শোনেননি।
অভিজিৎ রায় নিহত হওয়ার আগে তাঁকে হত্যার হুমকি দিয়ে একটি বক্তব্য এই উগ্রপন্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। বাংলা বই বিক্রির ওয়েবসাইট ‘রকমারি ডটকম’ থেকে অভিজিৎ রায়ের বই সরাতেও হুমকি দিয়েছিলেন তিনি। এর আগে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে ছাড়া পান।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, উগ্রপন্থী ব্লগার ফারাবীই লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সন্দেহভাজন। তিনি খুনের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও যারা খুন করেছে, তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। কারণ, ফারাবী বিভিন্ন সময় অভিজিতের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন।
তবে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের আগে কিছু বলা যাবে না।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ফুটপাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদকেও কুপিয়ে আহত করা হয়। তিনি এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অভিজিৎ রায় মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা। তাঁর খুনের ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশের পুলিশকে সহায়তা করবে।
ফারাবীকে গ্রেপ্তারের ব্যাপারে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব। এ সময় ফারাবীকে সাংবাদিকদের সামনে হাজির করা হলেও কথা বলতে দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারাবী দাবি করেছেন, ব্লগে লেখালেখির সূত্রে অভিজিৎ রায়ের লেখার সঙ্গে তিনি পরিচিত হন। একপর্যায়ে লেখালেখি নিয়ে অভিজিতের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। অভিজিৎ দুই বছর আগে ফারাবীকে ‘ব্লক’ করে দেন। কিন্তু ফারাবী থেমে থাকেননি, বিভিন্ন মাধ্যমে অভিজিতের কাছে বার্তা পাঠাতেন ও হুমকি দিতেন।
মুফতি মাহমুদ দাবি করেন, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে ফারাবীর সম্পৃক্ততার নানা তথ্য-প্রমাণ পেয়েছে র‌্যাব। এর প্রমাণ হিসেবে তিনি বলেন, অভিজিৎ ও তাঁর পরিবারের বিভিন্ন তথ্য ফারাবী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের মাঝে প্রচার করতেন। তাঁকে হত্যার জন্য উসকানি দিতেন। ফারাবী তাঁর ফেসবুকে জানিয়েছেন, অভিজিৎ রায় তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর ব্যাপারে যুক্তরাষ্ট্রে বসবাসরত তাঁর অনুসারীরা খোঁজখবর রাখছেন। আরেকবার ফারাবী অভিজিতের পরিবারের ছবি ফেসবুকে পোস্ট করে বলেছেন, ‘অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে, তখন তাকে হত্যা করা হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। তবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় ২০১০ সালে তিনি হিযবুত তাহরীরে  সক্রিয় হয়ে পড়েন। প্রথম দিকে তিনি বিভিন্ন ব্লগে লেখালেখি করতেন। পরে নিজের নামে ‘ফারাবী ব্লগ’ চালু করেন। নাশকতার অভিযোগে তিনি এক মাস জেলও খাটেন।
অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে ফারাবী তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ খান জানান, কোনো অপরাধীই প্রথমে সম্পৃক্ততার কথা স্বীকার করে না। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত তথ্য পাওয়া যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তবে কৌশলগত কারণে এখনই সব তথ্য প্রকাশ করা যাবে না।
র‌্যাব কর্মকর্তারা জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ফারাবী। এরপর ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তথ্যপ্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ২১ আগস্ট তিনি জামিনে বেরিয়ে যান। মুক্তি পেয়েই তিনি আরেকটি স্ট্যাটাস দিয়ে বলেন, ‘আমার দৃষ্টিতে নাস্তিকরা হচ্ছে পোকামাকড় আর পোকামাকড়দের মরে যাওয়াই ভালো।’ ফারাবীর এসব স্ট্যাটাস কাল সংবাদ সম্মেলনের সময় বড় পর্দায় দেখানো হয়।
এ রকম একটি স্ট্যাটাসে দেখা যায়, ফারাবীর এক বন্ধু হতাহত দম্পতির ছবি দিয়ে বলছেন, ‘ছবি পাইছেন কী?’ উত্তরে ফারাবী বলেন, ‘আমি গ্রেপ্তার হব, কাল-পরশুর মাঝে।’ র‌্যাব কর্মকর্তা বলেন, এ থেকে বোঝা যায়, হত্যাকারীদের তিনি চেনেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ফারাবীর চাচা কৃষি ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেছেন, ‘ফারাবী নিষিদ্ধ হিযবুত তাহরীরে সঙ্গে জড়িত থাকার কথা আমার কাছে স্বীকার করেছে। তখন তাকে এ পথ থেকে ফিরে আসার কথা বললে সে শুধুই হাসত। বলত, আপনি যে কী বলেন চাচা!’ তবে অভিজিৎ হত্যায় জড়িত থাকলে ফারাবীর শাস্তি চান তাঁর চাচা মিজানুর।
গতকাল বিকেলে শহরের কালাইশ্রীপাড়ার ফারাবীর বাবা-চাচাদের বাড়ি রহমান মঞ্জিলে গিয়ে দেখা যায়, সুনসান পরিবেশ। বিশাল বাড়ির আশপাশের ঘরগুলো ভেতর থেকে লাগানো। কড়া নাড়ার অনেকক্ষণ পর দরজা খোলেন তাঁর চাচি রিনা বেগম। তিনি জানান, ফারাবীর দাদার বাড়ি নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে। দেশ স্বাধীনের আগে থেকেই তাঁর দাদা কাস্টমস সুপারিনটেনডেন্ট ওবায়দুর রহমান শহরের কালাইশ্রীপাড়ায় এ বাড়ি তৈরি করেন। তবে ফারাবীরা কখনোই এ বাড়িতে থাকতেন না। তাঁর বাবা প্রয়াত ফেরদৌসুর রহমান ছিলেন বিআরডিবির উপপরিচালক। বাবার চাকরি সূত্রে তাঁরা মৌলভীবাজার শহরে থাকতেন। ২০১০ সালে তাঁর বাবা মারা যান।
রিনা বেগম আরও বলেন, ‘ফারাবী মাঝেমধ্যে বাড়িতে এলেও কারও সঙ্গে মিশত না। সে ছিল বংশের একমাত্র পুত্রসন্তান। আমরা তাকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম। কিন্তু বুঝতে পারছি না, কেন সে বিপথে গেল।’ তিনি জানান, ফারাবীর মা উম্মে সালমা ফারাবী জন্মের কয়েক বছর পরই মারা যান। এরপর তাঁর বাবা আরেকটি বিয়ে করেন।
অভিজিৎ খুনের ঘটনায় তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ব্লগে লেখালেখির কারণে উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদের মদদ দিয়েছে জামায়াত-শিবির।
আলোচিত এ হত্যা মামলার তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট ডিবির একাধিক সূত্র জানায়, পারিপার্শ্বিক অবস্থা থেকে তাঁরা মনে করছেন, এ ঘটনায় কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত রয়েছে। এ ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা টিমকে সন্দেহের শীর্ষে রাখা হয়েছে।