ফারাবী আরও পাঁচ দিনের রিমান্ডে
রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় শফিউর রহমান ফারাবীকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম রেজাউল করিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় শফিউর রহমান ফারাবীকে ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। ২০ মার্চ শেরেবাংলা নগর থানায় করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল ওই রিমান্ড শেষ হয়।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আততায়ীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। কুপিয়ে জখম করা হয় তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে। রাফিদাকে চিকিৎসার জন্য পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন তাঁর বাবা অধ্যাপক অজয় রায়।