ফারাবী ১০ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে আটক করেছে র‍্যাব। ছবিটি গতকাল সোমবার উত্তরায় র‌্যাব কার্যালয় থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে আটক করেছে র‍্যাব। ছবিটি গতকাল সোমবার উত্তরায় র‌্যাব কার্যালয় থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় শফিউর রহমান ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. রেজাউল করিম রিমান্ডের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।

অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় ফারাবীকে গতকাল সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ডিবি পুলিশ এই হত্যা মামলা তদন্ত করছে। আজ ডিবি পুলিশ রিমান্ডের আবেদন করে।

ফারাবী আবার গ্রেপ্তারগত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ফুটপাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদকেও কুপিয়ে আহত করা হয়। তাঁর খুনের ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশের পুলিশকে সহায়তা করবে।
অভিজিৎ খুনের ঘটনায় তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেছেন।
আলোচিত এ হত্যা মামলার তদন্ত-সংশ্লিষ্ট ডিবির একাধিক সূত্র জানায়, পারিপার্শ্বিক অবস্থা থেকে তাঁরা মনে করছেন, এ ঘটনায় কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত রয়েছে। এ ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা টিমকে সন্দেহের শীর্ষে রাখা হয়েছে।
ফারাবীর ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিলে তাঁর স্বজনেরা জানান, প্রথম দফা গ্রেপ্তারের পর পরিবারের লোকজন জানতে পারেন, ফারাবী নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে জড়িত। জেল থেকে মুক্তি পাওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে এ পথ থেকে ফিরে আসতে অনুরোধ করলেও তিনি শোনেননি।
অভিজিৎ রায় নিহত হওয়ার আগে তাঁকে হত্যার হুমকি দিয়ে একটি বক্তব্য এই উগ্রপন্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। বাংলা বই বিক্রির ওয়েবসাইট ‘রকমারি ডটকম’ থেকে অভিজিৎ রায়ের বই সরাতেও হুমকি দিয়েছিলেন তিনি। এর আগে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে ছাড়া পান।