ফারুক, ইউসুফ ও এনামুলের সম্পত্তির হিসাব চেয়েছে দুদক
সাবেক রেলমন্ত্রীর অব্যাহতি পাওয়া সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক, সাময়িক বরখাস্ত হওয়া রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ মৃধা এবং রেলওয়ে পুলিশের ঢাকার কমান্ড্যান্ট এনামুল হকের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইউসুফ মৃধার স্ত্রী ও এনামুলের স্ত্রীর সম্পত্তির হিসাবও চেয়েছে দুদক।গতকাল সোমবার এই পাঁচজনের নামে নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাঁদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তির হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তি থাকার আভাস পাওয়া গেছে।গত ৯ এপ্রিল মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির ঘটনা দুদক তদন্ত করছে। ওই রাতে ৭০ লাখ টাকাসহ ওমর ফারুকের গাড়িটি নিয়ে তাঁর চালক আলী আজম খান বিজিবির সদর দপ্তর পিলখানায় ঢুকে পড়েন। গাড়িতে ফারুক ছাড়াও ইউসুফ মৃধা ও এনামুল হক ছিলেন। ওই ঘটনার পর রেলমন্ত্রীর পদ থেকে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করেন। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রী।