ফারুক চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত

সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক চৌধুরীর (৮৪) প্রথম জানাজা আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
ফারুক চৌধুরীর দ্বিতীয় জানাজা আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
আজ ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে ফারুক চৌধুরী ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
পারিবারিক সূত্র জানিয়েছেন, আগামী শনিবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে ফারুক চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হবে।
ফারুক চৌধুরী নামেই বেশি পরিচিত সাবেক এই পররাষ্ট্রসচিবের পুরো নাম ফারুক আহমেদ চৌধুরী। ১৯৩৪ সালের ৪ জানুয়ারি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের পর ফারুক চৌধুরী ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে সার্কের জন্মলগ্নে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ফারুক চৌধুরী ব্র্যাকের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। ব্র্যাক পরিচালনা পর্ষদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া বেসরকারি গৃহায়ণ প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের চেয়ারম্যান ছিলেন।
ফারুক চৌধুরীর লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘জীবনের বালুকাবেলায়’, ‘দেশ দেশান্তর’, ‘প্রিয় ফারজানা’, নানাক্ষণ নানা কথা’, ‘স্বদেশ স্বকাল স্বজন’ ইত্যাদি। এ ছাড়া পত্রিকায় নানা বিষয় নিয়ে কলাম লিখতেন এবং আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণ করতেন।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফারুক চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার ও আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পান।
আরও পড়তে ক্লিক করুন
সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী আর নেই