ফারুক বিবিসিকে বলেছেন বঙ্গবন্ধু হত্যায় জিয়াও জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আমরা করেছি। অনেকের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জিয়াউর রহমানও জড়িত। যার রেকর্ড বিবিসিতে আছে।’

আজ মঙ্গলবার সংসদে বিরোধী দলের সাংসদ নাসিম ওসমানের শোক প্রস্তাবের ওপর আলোচনায় শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত করার জন্য একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্র করে চলেছে। তিনি তা প্রতিরোধ করতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে অনেক পরিবারের আত্মত্যাগ রয়েছে। নাসিমদের পরিবারও তার মধ্যে একটি। এ দেশে কিছু কিছু পরিবার ও ব্যক্তি মহল বিশেষের অপপ্রচারে পরিণত হয়েছে। অথচ এর চেয়ে অনেক বেশি অপরাধ করেও কিছু পরিবারের বিরুদ্ধে কোনো অপপ্রচার নেই।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি নাসিম ওসমানের সন্তানদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় সরাসরি আমার সঙ্গে দেখা করলে আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের সমস্যার সমাধান করতে।’

নাসিম ওসমানের বাবা শামসুজ্জোহার বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর বাড়িতেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৬ ডিসেম্বর পাকবাহিনীরা যখন আত্মসমর্পণ করে তখন জোহা ভাই রেসকোর্স ময়দানেই ছিল। আত্মসমর্পণের পর তিনি ধানমন্ডি ১৮ নম্বর বাড়িতে চলে আসেন, যেখানে আমাদের বন্দী করে রাখা হয়েছিল। দেশ স্বাধীন হলেও আমরা মুক্ত হতে পারিনি। জোহা ভাই আত্মসমর্পণের খবর দিতে আসলে বাড়ির ছাদ থেকে পাকবাহিনী তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তিনি আহত হন।’

শেখ হাসিনা বলেন, ‘দুর্ভাগ্য এ পরিবারটির ওপর বারবারই আঘাত এসেছে। আইয়ুব, ইয়াহিয়ার আমল থেকে শুরু করে ’৭৫-পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে, এ পরিবারের ওপর নির্যাতন চালিয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘নাসিম ওসমানের মা এখনো বেঁচে আছেন। এ সাহসী মহিলা দিনের পর দিন আন্দোলন-সংগ্রামে কখনো ভেঙে পড়েননি। কিন্তু পুত্রের শোক কীভাবে সইবেন, তা জানি না। আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি তাঁকে এ শোক সইবার শক্তি দিক।’