ফারুক যে ভাষায় গালিগালাজ করেন ভাবতে কষ্ট হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবারের হরতালের সময় সংঘটিত ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জয়নুল আবদিন ফারুকের আচরণে সন্দেহ হয় তিনি বিরোধী দলের চিফ হুইপ, নাকি মাঠের কোনো মাস্তান। তিনি সাংসদ হয়েও যে ভাষায় গালিগালাজ করেন, তা ভাবতে কষ্ট হয়।গতকাল ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে বিরোধী দলের চিফ হুইপ মৃদু আঘাত পেতে পারেন। এ জন্য আমরা দুঃখিত। আশা করি, ভবিষ্যতে সবাই পদমর্যাদার দিকে খেয়াল রেখে আচরণ করবেন।’বিরোধী দলের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে হানিফ বলেন, ‘জনগণ বিরোধী দলের ডাকা হরতাল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনজীবন স্বাভাবিক ছিল। স্কুলশিক্ষার্থী ছাড়া সবাই নিজ নিজ অফিস-আদালতে গেছে।’বিএনপির হরতালের ইস্যু তুলে ধরে হানিফ বলেন, বিদ্যুৎ, গ্যাস-পানির সংকট এখন সহনীয় পর্যায়ে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে কেবল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আপত্তি। এ পদ্ধতি উচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় তা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। এ ইস্যুগুলো নিয়ে কোনো কর্মসূচি দেওয়ার দরকার নেই।‘ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের জন্যই হরতাল’—বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার এ উক্তিকে ‘বছরের সেরা জোক্স’ আখ্যায়িত করেন হানিফ। তিনি বিরোধী দলকে সংসদে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে নিজেদের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।