ফারুক হত্যা : আসামি ফরিদ জামিনে মুক্ত
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি ফরিদ আহমেদ আজ বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ টাঙ্গাইল কারাগারে পৌঁছার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
টাঙ্গাইল পুলিশের আদালত পরিদর্শক আনোয়ার হোসেন জানান, হাইকোর্টের একটি বেঞ্চ গত রোববার ফরিদ আহমেদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার হাইকোর্টের এই আদেশের অনুলিপি টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে এসে পৌঁছায়। পরে তা আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
সাংসদ আমানুর রহমান খানের (রানা) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টাঙ্গাইল শহরের কলেজপাড়ার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদকে গোয়েন্দা পুলিশ ২০১৪ সালের ডিসেম্বরে গ্রেপ্তার করে। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি ফারুক হত্যা মামলায় যে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, তাঁদের মধ্যে ফরিদ আহমেদও রয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ফারুক আহমেদ হত্যার ব্যাপারে আমানুর ও তাঁর ভাইয়েরা যখন ষড়যন্ত্র করেন, সে সময় এবং হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এই মামলার অন্যতম আসামি সাংসদ আমানুর ও তিন ভাই এখনো পলাতক।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ কলেজপাড়া এলাকায় তাঁর বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি বের হয়ে আসে।