চট্টগ্রামে ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম আবু ইউসুফ এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, পুলিশ প্রকৃত দোষীদের বাদ দিয়ে অন্যদের আসামি করে অভিযোগপত্র দিয়েছে। এ ছাড়া যাঁদের সাক্ষী করা হয়েছে তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবে না। তাই ফারুক ইকবাল হত্যা মামলার বাদী জিয়াউদ্দিন ওই অভিযোগপত্রের বিরুদ্ধে গত বছরের ১১ সেপ্টেম্বর আদালতে নারাজি আবেদন করেন। শুনানির জন্য একাধিকবার দিন ধার্য থাকলেও মামলার নথি জজকোর্টে থাকাসহ নানা কারণে এত দিন শুনানি হয়নি। ৩ ডিসেম্বর শুনানি হলেও আদালত এ বিষয়ে আজ রোববার আদেশ দেন।
আদেশে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে অধিকতর তদন্তের জন্য বলা হয়েছে।
২০১৩ সালের ১১ এপ্রিল ভূজপুরে তাণ্ডবের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়াও তাদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আহত হয় দলের প্রায় শতাধিক নেতাকর্মী।
ওই ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫টি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত বলে উল্লেখ করা হয়।
গত বছরের ১১ জুন ভূজপুর থানা পুলিশ তিনটি হত্যা মামলায় জামায়াত শিবিরের নেতা কর্মীদের আসামি করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে রুবেল হত্যা মামলায় তাঁর মামা জামাল পাশা শওকত নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় জামায়াত-শিবিরের নেতা কর্মীদের আসামি করে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে বলে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে দিয়ে আসামিরা এ তাণ্ডব ঘটায় বলে পুলিশি তদন্তে ওঠে আসে। ঘটনার পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে ভূজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও জাহিদুল ইসলাম মেম্বারসহ ২০ জনকে। এই ২০ জনসহ ফারুক হত্যা মামলায় ১৯২ জনকে আসামি করে পুলিশ।