চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের সময় সংঘটিত একটি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম আবু ইউসুফ এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, পুলিশ প্রকৃত আসামিদের অভিযোগপত্রে আসামি না করে অন্যদের আসামি করে। এ ছাড়া যাঁদের সাক্ষী করা হয়েছে, তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবে না। আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্তের জন্য বলা হয়েছে।
ভূজপুর তাণ্ডবে নিহত ফারুক ইকবাল হত্যা মামলার বাদী জিয়াউদ্দিন গত বছরের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ৩ ডিসেম্বর শুনানি হলেও গতকাল আদালত আদেশ দেন।
২০১৩ সালের ১১ এপ্রিল ভূজপুরে তাণ্ডবের সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে। এ ছাড়া তাঁদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আহত হন দলের শতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষে পাঁচটি মামলা করা হয়। এতে আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।