ফারুক হত্যা মামলার আসামি শিবির কর্মী সাতক্ষীরায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শাহিনুর রহমান নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের বাড়ি থেকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফারুক হত্যা মামলার আসামি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শাহিনুর নিজ বাড়িতে কয়েকজন শিবির নেতা-কর্মীর সঙ্গে বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পেছনের দিকের একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে। শাহিনুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। ওসি জানান, শাহিনুরের বিরুদ্ধে ফারুক হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি ওই মামলার আসামি। তাঁকে বিশেষ ব্যবস্থায় রাজশাহী মতিহার থানায় পাঠানো হবে।