ফারুক হত্যা মামলার আসামিকে অবৈধভাবে ভর্তির সুপারিশ!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি শামসুল আলম ওরফে গোলাপকে নিয়মবহির্ভূতভাবে ভর্তির সুপারিশ করেছে। কারাগার থেকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য গোলাপ সম্প্রতি ওই বিভাগের সভাপতি বরাবরে আবেদন করেন।এ প্রসঙ্গে বিভাগের সভাপতি নূরুল আলম জানান, একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোলাপসহ দুজনকে পুনরায় ভর্তির সুপারিশ করা হয়েছে। কারাগারে থেকে গবেষণাপত্র জমা ও মাঠপর্যায়ের কাজ কীভাবে করবেন, এ প্রসঙ্গে তিনি জানান, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অনুমতি নিয়ে তিনি এ কাজটি করতে পারেন।বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০০৫ সালে জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান) পাস করা গোলাপ ২০০৮ সালের জানুয়ারি-জুন সেমিস্টারে ক্রপ সায়েন্স বিভাগে মাস্টার্স কোর্সে ভর্তি হন এবং ওই বছরের জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর দুটি সেমিস্টার সম্পন্ন করেন। ২০০৯ ও ২০১০ সালের চারটি সেমিস্টারের মধ্যে তিনি শেষ সেমিস্টারে ভর্তি হননি। এর মধ্যে ২০১০ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন। এর পর থেকে তিনি কারাগারে আটক আছেন।কৃষি অনুষদ সূত্রে জানা গেছে, একাডেমিক নিয়মানুযায়ী এই অনুষদের কোনো বিভাগ থেকে এমএস করতে হলে ভর্তির সেমিস্টার থেকে শুরু করে তিন সেমিস্টারের মধ্যে ভর্তি হতে হবে। সর্বোচ্চ ছয় সেমিস্টারের মধ্যে কোর্স সম্পন্ন করতে হবে। এরপর কোনো শিক্ষার্থী আর নতুন করে কোনো সেমিস্টারের জন্য ভর্তি হতে পারবেন না। অর্থাৎ চলতি বছরের জানুয়ারি-জুন সেমিস্টারে গোলাপের ভর্তির সময়সীমা শেষ হয়ে গেছে।বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভাগের সাবেক সভাপতি কাওছার আলীর সভাপতিত্বে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় গোলাপ এবং একই সেমিস্টারের আরও দুজনকে জানুয়ারি-জুন ২০১০ সেমিস্টারে ভর্তি করে নেওয়ার সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানান, বিষয়টি একাডেমিকভাবে সুরাহা করা হবে বলে তিনি জানান। কৃষি অনুষদের ডিন সোহরাব আলী জানান, নিয়মানুযায়ী ওই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ২০০৯ সালেই শেষ হয়ে গেছে। কিন্তু পঞ্চম সেমিস্টারের পর কীভাবে ওই শিক্ষাবর্ষে আবার ভর্তি করানো সম্ভব, তা তাঁর বোধগম্য নয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।