পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেছেন, টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযুক্ত ব্যক্তিরা কে কী করেন সেটা দেখার সুযোগ নেই। তাঁরা যত প্রভাবশালীই হোন, তাঁদের গ্রেপ্তার করা হবে।
গতকাল রোববার বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন ময়দানে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি মনে করেন এই হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে গেলে ভালো হয়, তাহলে তাঁরা সে ব্যবস্থা নেবেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এদিকে ঢাকায় পুলিশের উপস্থিতিতে চা-দোকানি বাবুল মাতবরের গায়ে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে মোখলেসুর রহমান বলেন, ‘জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অমানবিক কাজে কেউ জড়িত হোক আমরা চাই না। এ ঘটনায় আমরা বিব্রত। বিব্রতকর অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী মিয়া। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।