ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমানুর রহমান খান
আমানুর রহমান খান

সাংসদ আমানুর রহমান খান ওরফে রানাকে আদালতে হাজির না করায় আজ বুধবার আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। কোমরে ব্যাথার কারণে আমানুর ভ্রমণের উপযুক্ত নন, তাই তাঁকে হাজির করা সম্ভব হয়নি বলে কারা কর্তৃপক্ষ আদালতে জানিয়েছে।

টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন এই মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, রাষ্ট্রপক্ষ থেকে বুধবার সাক্ষীর জন্য মামলার বাদী নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ, ছেলে আহমেদ মজিদ সুমন ও মেয়ে ফারজানা আহমেদ মিথুনের হাজিরা দেওয়া হয়। কারাগারে আটক আসামি আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী, মো. সমিরকে আদালতে হাজির করা হয় এবং জামিনের থাকা আসামি মাসুদুর রহমান, ফরিদ ও নুরু হাজির হন। কিন্তু আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর কারাগার থেকে একটি চিঠি আদালতে পৌঁছায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, মামলার প্রধান আসামি সাংসদ আমানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি কোমরের ব্যথায় ভুগছেন। তার শারীরিক অবস্থা ভ্রমণের উপযুক্ত নয়। তাই তাঁকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। পরে বিচারক মো. আবুল মনসুর মিয়া সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ দেন ১ নভেম্বর।

আমানুরকে হাজির না করাকে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল বলে মনে করছেন মামলার বাদী পক্ষ। তাঁদের মতে, এর আগে অসুস্থতার নানা অজুহাতে আমানুরকে আটবার আদালতে হাজির করা হয়নি। মামলাটি অভিযোগ গঠন করতেই প্রায় ১০ মাস সময় নষ্ট হয়েছে। মামলার তারিখ এলেই আমানুর অসুস্থ হয়ে পড়তেন। সাক্ষ্যগ্রহণের সময়ও তাঁরা একই কৌশল নিয়েছেন।

এদিকে সাক্ষ্যগ্রহণের দিন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণ না হওয়ায় তাঁরা আমানুর ও তাঁর ভাইদের বিচারের দাবিতে মিছিল বের করেন। মিছিলটি আদালত এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যায় সাংসদ আমানুর ও তার ভাইদের নাম বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এই মামলায় সাংসদ আমানুর ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জন আসামী রয়েছে। গত ৬ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।