ফারুক হত্যা মামলায় চতুর্থবার তদন্ত কর্মকর্তা বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ও মেধাবী ছাত্র ফারুক হত্যা মামলায় দুই বছর পর আবার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। এ নিয়ে চারবার তদন্ত কর্মকর্তা বদল করা হলো। রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আলোচিত এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে রাজপাড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানকে। গত মঙ্গলবার সকালে তিনি মামলার সব নথিপত্র বুঝে নেন। পুলিশ জানায়, এর মধ্যে শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলার সাক্ষ্য-স্মারক (মেমো অব এভিডেন্স-এমই) তৈরি করা হয়েছে। শিগগিরই এটি দাখিল করা হবে। এতে আসামি হিসেবে জামায়াতের তিন শীর্ষস্থানীয় নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত-শিবিরের শতাধিক নেতার নাম রয়েছে।ফারুক হত্যা মামলায় এর আগের তদন্ত কর্মকর্তা ছিলেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তোফাজ্জল হোসেন খান। ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ মার্চ তাঁকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়। তিনি এই এমই তৈরি করেছিলেন। বরখাস্ত হওয়ার আগে তড়িঘড়ি করে তাঁকে দিয়ে এমই লিখে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। মামলার অন্যতম আসামি জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতাকে গত অক্টোবরে নারায়ণগঞ্জ কারা-ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন খান জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মহানগর পুলিশ সূত্রে আরও জানা যায়, ওসি জিল্লুর রহমানকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ায় মামলায় এ নিয়ে চারবার তদন্ত কর্মকর্তা বদল করা হলো। প্রথম তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় মতিহার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে। এরপর তাঁকে বাদ দিয়ে এসআই আরিফুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। পরে তাঁকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয় এসআই সোহেল রানাকে। ২০১০ সালের নভেম্বরে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করার পর তদন্তভার দেওয়া হয় তোফাজ্জল হোসেন খানকে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামান বলেন, আগের তদন্ত কর্মকর্তার তৈরি খসড়া এমই তাঁরা খতিয়ে দেখছেন। এতে জামায়াতের তিন শীর্ষস্থানীয় নেতাসহ শতাধিক আসামি রয়েছেন। শিগগিরই এটি দাখিল করা হবে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার এম ওবায়দুল্লাহ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডাররা ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যাসহ ছাত্রলীগের চার কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এ সময় কুপিয়ে আরও ৪০ জন নেতা-কর্মীকে জখম করা হয়। এ ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলা হয়। এর মধ্যে ফারুক হত্যা মামলায় ৩৫ জনকে আসামি করা হয়। আসামিদের ২৫ জন উচ্চ আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন। একজন মারা গেছেন ও চারজন পলাতক রয়েছেন। অপর পাঁচজন কারাগারে রয়েছেন। তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়।