ফারুক হত্যা মামলায় ছাত্রশিবিরের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে মতিহার থানার পুলিশ।আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এমবিএর শিক্ষার্থী মাহমুদুল হাসান ও আবু জাফর হোসাইন।প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের পূর্ব পাশে আমতলায় বসে ছাত্রলীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, রেজোয়ান আহমেদসহ কয়েকজন কর্মী গল্প করছিলেন। এ সময় ছাত্রশিবিরের ওই দুই কর্মী সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রশিবিরের ওই দুই কর্মীকে চিনতে পেরে তাঁদের পাকড়াও করেন। এরপর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ সদস্যরা তাঁদের আটক করে মতিহার থানায় নিয়ে যান।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রশিবিরের ওই দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, ছাত্রশিবিরের ওই দুই কর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁদের বিরুদ্ধে ফারুক হোসেন হত্যাকাণ্ড বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যা এবং চারজন কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী মারাত্মক আহত হয়। পরে বিভিন্ন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পৃথক ১৪টি মামলা হয়েছে।