ফারুক হত্যা মামলায় জামিন চাইলেন সাংসদ আমানুর, সিদ্ধান্ত ৫ সেপ্টেম্বর

আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় কারাবন্দী আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান খানের (রানা) পক্ষে জামিন আবেদন করা হয়েছে। আজ বুধবার আদালত জামিন আবেদনের শুনানি গ্রহণ করেছেন। আগামী ৫ সেপ্টেম্বর এ আবেদনের বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।
টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদা খানের আদালতে সকালে আমানুরের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। জামিন শুনানিতে তাঁর পক্ষে অংশ নেন আইনজীবী আবদুল বাকী মিয়া, আরফান আলী মোল্লা ও টাঙ্গাইল অ্যাডভোকেট বারের সভাপতি ফারুক আহমেদ। তাঁরা আদালতকে জানান, প্রায় দুই বছর ধরে আমানুর রহমান কারাগারে আছেন। তিনি সাংসদ। কারাগারে থাকায় তাঁর নিজ এলাকা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তা ছাড়া তাঁর শারীরিক অবস্থাও ভালো নয়। এসব কারণ দেখিয়ে জামিন চেয়ে আইনজীবীরা বলেন, জামিন মঞ্জুর করা হলে মুক্তি পেয়ে তাঁর পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে নিয়োজিত অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান এবং বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম, আব্দুল গফুর ও হুমায়ুন কবির। তাঁরা আদালতকে জানান, এই মামলায় দুজন আসামি এবং তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে ফারুক আহমেদ হত্যাকাণ্ডে সাংসদ আমানুর রহমান খানের প্রত্যক্ষ জড়িত থাকার কথা উঠে এসেছে। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে আমানুর জামিন পেলে সাক্ষীদের ভয়ভীতি দেখাবেন। এতে সাক্ষ্য গ্রহণ ব্যাহত হতে পারে।
সকালে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ৫ সেপ্টেম্বর জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।
দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর এই আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার-১ আছেন। বেশ কয়েক দফা উচ্চ আদালত ও নিম্ন আদালতে আবেদন করেও জামিন পাননি তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।