ফারুক হত্যা মামলায় সাংসদ আমানুরের জামিন হয়নি
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের জামিন হয়নি। আমানুরের জামিন প্রশ্নে দেওয়া রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ সময় আদালতে রানার পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম আবদুল মুবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রথম আলোকে বলেন, জামিন প্রশ্নে রুল উত্থাপিত হয়নি মর্মে আদালত খারিজ করে দিয়েছেন। আমানুরের জামিন হয়নি।
আইনজীবীরা বলেছেন, এখন জামিন চাইলে হলে আমানুরকে নতুন করে আবেদন করতে হবে। নতুন করে আবেদনের বিষয়ে আইনজীবী আবদুল মুবিন প্রথম আলোকে বলেন, মক্কেলের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আমানুরের করা জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১৮ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন। রুলে কেন তাঁকে (আমানুর) জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এ রুলের ওপর ২৭ মার্চ শুনানি শেষ হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমানুর। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।