ফারুক হত্যা মামলায় ১০ মাসেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার ঘটনায় মামলা করার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো অভিযোগের তদন্তই শেষ করতে পারেনি পুলিশ। এ পর্যন্ত তিনবার মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। বর্তমানে মামলাটি গোয়েন্দা পুলিশের অধীনে রয়েছে। জানা গেছে, এখনো এই মামলায় গ্রেপ্তার সব আসামিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তাদের জিজ্ঞাসাবাদ করার আগে এ মামলায় অভিযোগপত্র দেওয়া সম্ভব হচ্ছে না।গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কর্মীরা হামলা করে। ওই সময় ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেওয়া হয়। হাত-পায়ের রগ কেটে দেওয়া হয় ছাত্রলীগের চার কর্মীর। কুপিয়ে জখম করা হয় ছাত্রলীগের আরও ৪০ কর্মীকে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে রাজশাহীর মতিহার থানায় মোট ২১টি মামলা করা হয়, যার চার নম্বর মামলাটি ফারুক হত্যাসংক্রান্ত। মামলার এজাহারে ৩৫ জনকে আসামি করা হয়। এ মামলায় এ পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এজাহারভুক্ত আসামি মাত্র চারজন। তাঁরা হলেন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম, লতিফ হল শাখার সভাপতি হাসমত আলী, হবিবুর রহমান হল শাখার সভাপতি রাইদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র রুহুল আমিন।এ ছাড়া সন্দেহভাজন হিসেবে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান, ওই দলের কেন্দ্রীয় নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদী। তবে কেন্দ্রীয় এই তিন নেতা অন্য মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের গ্রেপ্তারের পরপরই মামলার তদন্ত কর্মকর্তা এই তিন নেতাকে রিমান্ডে নেওয়ার জন্য রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে আবেদন করেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে সে সময় তাঁদের রাজশাহীতে পাঠানো সম্ভব হয়নি।সূত্র জানায়, মুজাহিদ, সাঈদী ও নিজামীকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানির দিন রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এর পর রিমান্ড মঞ্জুর হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই তিন নেতাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার আগে এ মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হচ্ছে না।রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় মতিহার থানার উপপরিদর্শক শহীদুল ইসলামকে। এরপর তাঁকে বাদ দিয়ে উপপরিদর্শক আরিফুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। তাঁকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক সোহেল রানাকে। গত নভেম্বর মাসে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন খান মামলাটি তদন্ত করছেন।বর্তমান তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন খান গতকাল বুধবার বলেন, মামলাটি অত্যন্ত জটিল। মামলার ২৮ নম্বর আসামি ওবায়দুল ইসলামের নাম-ঠিকানা কিছুতেই শনাক্ত করা যাচ্ছিল না। তাঁর বাবার নাম ছিল না। মায়ের নাম ছিল না। কুষ্টিয়ার জুগিয়া গ্রাম—এই পরিচয় ধরে তিনি দুই মাস ধরে ঘুরছিলেন। তাঁর খোঁজে তিনি নির্বাচন কমিশন অফিসেও গেছেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, ওবায়দুলের বাবা ও মা দুজনই ভারতে রয়েছেন। তিনি চাচার কাছে মানুষ। তাঁর চাচা বাগেরহাটে কর্মরত ছিলেন। সেখানে গিয়েই তিনি জানতে পারেন, কুষ্টিয়ার হরেকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি পঞ্চম শ্রেণী পাস করেছেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভগ্নিপতিই হচ্ছেন ওবায়দুলের চাচা। তিনি বলেন, এই আসামির পরিচয় উদ্ঘাটনের মাধ্যমে মামলার ৩৫ জন এজাহারভুক্ত আসামির সবার পরিচয় পাওয়া গেছে। এর পরও তদন্তের অনেক কিছু বাকি রয়েছে।