ফারুক হত্যার আসামি নুরুকে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি নাসিরউদ্দিন নুরুকে একটি জোড়া খুনের মামলায় গ্রেপ্তারের আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবেদনটি গত রোববার করা হলেও বিষয়টি আজ মঙ্গলবার জানা যায়।

সাংসদ আমানুর রহমান খানের (রানা) ঘনিষ্ঠ সহযোগী নুরু গত শনিবার ফারুক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। তারপর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান।

টাঙ্গাইল শহরের চাঞ্চল্যকর মামুন ও শামীম হত্যা মামলায় নাসিরউদ্দিন নুরুকে গ্রেপ্তার দেখানোর জন্য গত রোববার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাসের আদালতে আবেদন জানান। বিচারক এ বিষয়ে আদেশের জন্য ২৯ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।

মামুন ও শামীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ জানান, মামলাটির তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে নুরুসহ বেশ কয়েকজনের জড়িত থাকার কিছু তথ্য পাওয়া গেছে। তাই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়েছে। আবেদন মঞ্জুর হলে তাঁর রিমান্ড চাওয়া হবে।

২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামের যুবলীগ কর্মী মামুন ও শামীমকে সাংসদ আমানুরের ঘনিষ্ঠ সহযোগী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোর্শেদ ফোন করেন ডেকে নিয়ে যায়। তারপর থেকে মামুন ও শামীম নিখোঁজ রয়েছে। মামুনের বাবা হাতেম আলী পরের বছরের ২১ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় মামুন ও শামীমকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে মামলা করেন।