স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যা মামলার আসামি আতাউর রহমানকে চিকিৎসা দিতে হূদরোগ হাসপাতাল কর্তৃপক্ষ (এনআইসিভিডি) যথাযথভাবে কারাবিধি অনুসরণ করেনি। এ জন্য তাদের সতর্ক করা হয়েছে। তবে ওই আসামি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।গতকাল রোববার জাতীয় সংসদে মাহফুজা মণ্ডলের ৭১ বিধিতে দেওয়া নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, কারাবিধি লঙ্ঘন করে একটি হত্যা মামলার আসামির চিকিৎসার বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই একটি তদন্ত কমিটি হয়। তিন সদস্যের কমিটি এক দিনের মধ্যে প্রতিবেদন দেয়। মন্ত্রী বলেন, হাসপাতালগুলোর বিভিন্ন অনিয়মের তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে হূদরোগ হাসপাতালের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া গেছে, সেগুলোও তদন্ত করা হবে। মাহফুজা মণ্ডল তাঁর নোটিশে উল্লেখ করেন, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল একটি ধূর্ত রাজনৈতিক চক্রের নীলনকশায় রোগাক্রান্ত হয়ে পড়েছে। হাসপাতালের প্রধান পরিচালক আবুল হোসেন খান কারাবিধি লঙ্ঘন করে আতাউর রহমানকে নিজের অধীনে ভর্তি করিয়ে চিকিৎসা করেছেন। রাজশাহী জামায়াতের আমির আতাউর রহমানকে ২০১০ সালের ১৩ জুন ভর্তি করা হয়। হাসপাতালের সূচি অনুযায়ী ওই দিন ডা. আবুল হোসেনের ভর্তি করানোর সুযোগ ছিল না। অভিযোগে বলা হয়েছে, তিনি হূদরোগে আক্রান্ত ছিলেন না। তা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় তাঁকে দীর্ঘদিন হাসপাতালের কেবিন বরাদ্দ দেওয়া হয়।