ফারুক হত্যার বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার দ্রুত বিচারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ ওই কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২টার দিকে শহরের নিরালা মোড়ে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেন। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। বেলা একটার দিকে শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। এতে মোহাম্মদ ইউনুছ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন আয়োজক সংগঠনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ, আবদুস সবুর খান বীর বিক্রম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, ফজলুল হক বীর প্রতীক, সেলিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান প্রমুখ।
পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকায় বাসভবনের সামনে থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের তদন্তে হত্যার সঙ্গে আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। আমানুর বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।