ফারুককে হাইকোর্টে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে হাজির করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার বিকেলে এ নির্দেশ দেন।ফারুককে হাসপাতাল থেকে হাইকোর্টে আসতে পুলিশ বাধা দিয়েছে বলে তাঁর আইনজীবী মওদুদ আহমদ আদালতকে অবহিত করলে এ আদেশ দেওয়া হয়। আগাম জামিনের আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শেরেবাংলা নগর থানায় ৬ জুলাই পুলিশের করা মামলায় ফারুকের পক্ষে গতকাল দুপুরে হাইকোর্টে আগাম জামিনের আবেদন উত্থাপন করা হয়। আদালত বেলা সাড়ে তিনটায় শুনানির সময় নির্ধারণ করেন। সোয়া তিনটার দিকে মওদুদ আহমদ আদালতে বলেন, ফারুকের বিরুদ্ধে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা নেই। অথচ ইউনাইটেড হাসপাতালে পুলিশ তাঁকে ঘিরে রেখেছে। পুলিশি বাধার কারণে তিনি হাইকোর্টে আসতে পারছেন না।আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু বলেন, এ ব্যাপারে কোনো তথ্য তাঁর কাছে নেই। আদালত তাঁকে বলেন, ‘আপনি পুলিশকে বলেন, তাঁকে আসতে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, তবে আমরা তাঁর অনুপস্থিতিতে জামিন আবেদনের শুনানি গ্রহণ করব।’মোহাম্মদ উল্লাহ বলেন, তাঁর (ফারুক) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে ম্যাজিস্ট্রেটের কাছেও নিয়ে যেতে পারে। এ সময় আদালত বলেন, ‘কমিশনারকে বলেন, আবেদনকারীকে যেন সোয়া চারটার মধ্যে হাজির করা হয়।’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল সময় বাড়ানোর আরজি জানিয়ে বলেন, ‘এখন সাড়ে তিনটা বাজে। ইউনাইটেড হাসপাতাল থেকে তাঁকে এ সময়ের মধ্যে আদালতে আনা সম্ভব না-ও হতে পারে।’ এরপর আদালত আদেশ দেন।আদালতে জয়নুল আবদিনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।আদালত থেকে বেরিয়ে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘জয়নুল আবদিন ফারুকের আগাম জামিনের আবেদন করা হয়। আগাম জামিন আবেদন উপস্থিতি ছাড়া হয় না। পরে খবর আসে, পুলিশ তাঁকে ব্যারিকেড দিয়ে রেখেছে। বিষয়টি আমরা আদালতকে অবগত করি। আদালত ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় তাঁকে হাইকোর্টে হাজির করার জন্য। আদালতের নির্দেশ অনুসারে তাঁকে হাজির করা হলে জামিন আবেদনের শুনানি করা হবে।’