ফারুকী হত্যাকাণ্ডে দুটি জঙ্গি সংগঠন জড়িত: ডিবি

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় দুটি জঙ্গি সংগঠন জড়িত বলে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার ডিবির জনসংযোগ বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, শুরুতে অনেক বিষয় সামনে রেখে মামলার তদন্ত করা হচ্ছিল। তবে এখন মনে হচ্ছে যে নুরুল ইসলাম ফারুকীর মতাদর্শের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে দুটি জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে মনে হয়েছে।
রাজধানীর গোপীবাগে ইমাম মাহদির সেনাপতি দাবিদার লুৎফুর রহমান ফারুকসহ ছয়জনকে হত্যার ঘটনা যাঁরা ঘটিয়েছে, তাঁরাই ফারুকীকে হত্যা করেছে বলে ডিবি মনে করে। তবে জঙ্গি দল দুটির নাম জানায়নি ডিবি।
২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে হাত-পা বেঁধে গলা কেটে খুন করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারায়ণগঞ্জ থেকে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।