
টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়েছে।
বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসেনা আয়োজিত সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট (মতিন), ইসলামি ছাত্রসেনা ও ইসলামি যুবসেনার নেতা-কর্মীরা পঞ্চগড়ে ফারুকীর বাড়ির উদ্দেশে জঙ্গিবিরোধী লংমার্চ যাত্রা করেন। ফারুকী বাংলাদেশ ইসলামি ফ্রন্টের (মতিন) প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
গতকাল সকাল ১০টার দিকে ইসলামি ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার দুই শতাধিক নেতা-কর্মী জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখানে তাঁরা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপকদের ফারুকী হত্যার জন্য দায়ী করে তাঁদের গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, ২০১৪ সালে ছাত্রসেনার পক্ষ থেকে ফারুকী হত্যায় নাম-ঠিকানা দিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের ছয় উপস্থাপকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল। তাঁরাই ফারুকীকে খুন করেছেন। কিন্তু তাঁদের গ্রেপ্তার তো দূরের কথা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ফ্রন্টের চেয়ারম্যানের উপদেষ্টা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান, ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম আবু সুফিয়ান খান আবেদী, ঢাকা মহানগর ইসলামি ফ্রন্টের সভাপতি আবু জাফর মোহাম্মদ হেলালউদ্দিন প্রমুখ।
গতকাল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করা লংমার্চ সাভার, সিরাজগঞ্জ ও সৈয়দপুর হয়ে পঞ্চগড়ে ফারুকীর গ্রামের বাড়িতে তাঁর কবরস্থান জিয়ারতের মধ্য দিয়ে শেষ হবে।
২০১৪ সালের ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে কয়েকজন যুবক পরিবারের সদস্যদের জিম্মি করে নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেন।