ফারুকী হত্যায় মামলা, গ্রেপ্তার নেই
সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নুরুল ইসলাম ফারুকীকে (৬০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
গতকাল বুধবার দিবাগত রাতে ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কাউকে আসামি করা হয়নি।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ফারুকীর দ্বিতীয় পক্ষের ছেলে ফয়সাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল রাতে সাত-আটজন দুর্বৃত্ত তাঁদের বাসায় ঢুকে তাঁর বাবাকে গলা কেটে হত্যা করেছে। দুর্বৃত্তরা বাসা থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।
ফারুকীর স্বজনদের ধারণা, আহলে সুন্নাত ও মাজারবিরোধী মতাদর্শের কারণে তাঁকে হত্যা করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, একাধিক বিষয়কে সামনে রেখে এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
আজ দুপুরে রাজধানীর পূর্ব রাজাবাজারে ফারুকীর বাসায় গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে।
পূর্ব রাজাবাজারের নিজ বাসায় গতকাল রাতে খুন হন ফারুকী। দুর্বৃত্তরা বাসায় ঢুকে হাত-পা বেঁধে তাঁকে গলা কেটে খুন করে।
ফারুকী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাতের নেতা ছিলেন। এ ছাড়া তিনি ইসলামিক মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, ফারুকীর দুই স্ত্রী। দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পূর্ব রাজাবাজারের একটি বাড়ির তিনতলায় ভাড়া থাকতেন। প্রথম স্ত্রী ও তাঁর সন্তানেরা থাকেন মালিবাগে।
ফারুকীর ব্যক্তিগত সহকারী মারুফ হোসেনের বরাত দিয়ে ছোট ছেলে মাদ্রাসাশিক্ষার্থী আহমেদ নুরী প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে প্রথমে দুই ব্যক্তি এসে কলবেল বাজায়। ভেতর থেকে পরিচয় জানতে চাইলে বলা হয়, তারা হজে যাবে, এ জন্য হুজুরের কাছে এসেছে। দরজা খুলে তাদের বসার ঘরে বসানো হয়। ফারুকী বাইরে যাবেন জানিয়ে যা বলার দ্রুত বলতে বলেন। যুবকেরা জানায়, তাদের লোকজন হজে যাবে, তারা বাইরে আছে। তারা ফোন করে সাত-আটজনকে ডেকে আনে। একপর্যায়ে তারা প্লাস্টিকের রশি দিয়ে মারুফের হাত-পা বেঁধে ফেলে। তিনজন ফারুকীর গলায় চাপাতি ঠেকিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে তারা ফারুকীর হাত বেঁধে তাঁকে খাবার ঘরে নিয়ে যায়। তারা পাশের ঘরে ফারুকীর দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি, গৃহকর্মীসহ অন্যদের হাত-পা রশি দিয়ে ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে।
আহমেদ নুরী বলেন, রাত সাড়ে আটটার দিকে তাঁর বড় ভাই ফয়সাল দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে প্রথমে বসার ঘরে থাকা মারুফের বাঁধন খুলে দেন। পরে খাবার ঘরে গিয়ে তাঁদের বাবাকে গলা কাটা ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।