ফারুকী হত্যায় মামলায় গ্রেপ্তার মোজাফফর রিমান্ডে
বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর বিন মোহসিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরের একটি মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো একমাত্র আসামি মোজাফফর।
ডিবি পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ আদালতে মোজাফফরকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ আগস্ট রাতে দুর্বৃত্তরা পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে হাত-পা বেঁধে গলা কেটে ফারুকীকে খুন করে। ফারুকী সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাতের নেতা ছিলেন। এ ছাড়া তিনি ইসলামিক মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ভাষ্য, গ্রেপ্তার মোজাফফর ধর্মীয় উগ্রগোষ্ঠী আনসারউল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক নেতা। ফারুকী হত্যায় প্ররোচনাদানকারী হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাফফর তাঁর বিভিন্ন বক্তব্যে (বয়ানে) নুরুল ইসলাম ফারুকীর বিরুদ্ধাচরণ করেছেন, তাঁকে হুমকি দিয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা একটি বক্তব্যে ফারুকীকে উদ্দেশ করে মোজাফফর বলেছেন, ‘আল্লাহর দোহাই তাঁকে যদি কেউ কিছু না করে...আমি এই লোকের বিচার চাই।’ ওই হত্যার সঙ্গে যুক্ত থাকতে পারে, এমন কয়েকজন আনসারউল্লাহ সদস্যকে চিহ্নিতও করা হয়েছে বলে জানান যুগ্ম কমিশনার। এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দীন রাহমানিকে গ্রেপ্তার করা হয়েছিল।
ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, মোজাফফর পিস টিভি বাংলার প্যানেল বক্তা। পিস টিভির ওয়েবসাইটে তাঁর জীবনবৃত্তান্তে বলা হয়েছে, মোজাফফর প্রথম শ্রেণিতে দাখিল ও আলিম পাস করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এ ছাড়া ফাজিল ও দাওরা হাদিসেও তিনি প্রথম শ্রেণি লাভ করেছেন।
যুগ্ম কমিশনার মনিরুল আরও বলেন, শুরু থেকেই তাঁরা ফারুকী হত্যার জন্য উগ্রবাদীদের সন্দেহ করছিলেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাফফর সরাসরি কিছু স্বীকার করেননি। তিনি বলেছেন, তাঁর বয়ানের শ্রোতারা কেউ ফারুকীকে হত্যা করতে পারে। আজ রোববার মোজাফফরকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি সূত্র জানায়, মোজাফফর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় গিয়ে বয়ান দিতেন। এ ছাড়া তাঁর বয়ানের অডিও ও ভিডিও রয়েছে। বিশেষ করে মোহাম্মদপুরের একটি মসজিদ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ-মাদ্রাসায় তিনি প্রায়ই বয়ান দিতেন।