ফারুকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ
বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে ইসলামী ছাত্রসেনা।
প্রেসক্লাব চত্বরের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এক বছর পেরিয়ে গেলেও নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হয়নি। হত্যার ঘটনায় ছয়জন টিভি উপস্থাপকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ তাঁদের ধরছে না। খুনিদের আড়াল করার চেষ্টা চলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুবসেনার নগর কমিটির সভাপতি কাজী আবুল ফোরকান কাশেমী। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম জেহাদী। বক্তব্য দেন ছাত্রফ্রন্টের চট্টগ্রাম নগর সভাপতি মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান ও সহসাংগঠনিক সম্পাদক মো. মাছুমুর রশিদ প্রমুখ।
এদিকে নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রসেনা বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করার পর সড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ তাদের সরিয়ে দেয়।