ফারুকের বিরুদ্ধে আরেকটি মামলা গ্রেপ্তারি পরোয়ানা
প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ আনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের হলে হাকিম মেহেদি হাসান তালুকদার আসামি জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৫ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার করা-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর শেরেবাংলানগর থানার পুলিশকে নির্দেশ দেন।মামলাটি করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি আবদুল মালেক। মামলায় অভিযোগ করা হয়, ১১ মার্চ জয়নাল আবদিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। জয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার চেয়ারপারসন। তাই জয়ের বিরুদ্ধে এমন অভিযোগে জয়ের পাশাপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুনাম ও ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। এর আগে একই কারণে বিভিন্ন জেলায় জয়নাল আবদিনের বিরুদ্ধে পৃথক ছয়টি মানহানির মামলা হয়।