ফারুকের বিরুদ্ধে তদন্ত, মুসার বিরুদ্ধে অনুসন্ধান চলছে

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত চলমান। আর বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক এ তথ্য জানান।
এর আগে তিনি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোর ও শেরপুরের ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তাঁদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, ধর্ষণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তিনি দুটি প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন।
সানাউল হক প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
ওসমান ফারুক ও মুসা বিন শমসের সম্পর্কে সানাউল হক প্রথম আলোকে বলেন, ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত চলছে। মুসা বিন শমসেরের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তদন্ত ও অনুসন্ধানের ফলাফল পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
গত বছরের ৪ মে সানাউল হক সাংবাদিকদের বলেছিলেন, ময়মনসিংহের তৎকালীন কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষকের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষকেরা তখন পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছেন। তাঁদের মধ্যে ওসমান ফারুকের নাম রয়েছে।
এ ছাড়া গত ২৯ মার্চ সানাউল হক মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কোনো তথ্য থাকলে তা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওই আহ্বানে সাড়া দিয়ে সাংবাদিক প্রবীর সিকদার ও সাগর লোহানী মুসার বিরুদ্ধে ৬ এপ্রিল তদন্ত সংস্থার কাছে প্রতিবেদন আকারে জমা দেন।
সেই আবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় মুসা বিন শমসের ফরিদপুরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। জনকণ্ঠ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি থাকাকালে প্রবীর সিকদার অনুসন্ধান করে মুসার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে ওই পত্রিকায় প্রতিবেদন করেন। এরপর সন্ত্রাসীরা তাঁকে হত্যা করতে হামলা চালায়।
যশোর-শেরপুরের ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
শেরপুরের চারজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ছয়জনকে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। চারজনের মধ্যে তিনজন কারাগারে আছেন। তাঁরা হলেন শেরপুরের এস এম আমিনুজ্জামান ফারুক (৫৮) ও মো. এমদাদুল হক ওরফে খাজা ডাক্তার (৭৪) ও এ কে এম আকরাম হোসেন (৬২)। তবে পলাতক আসামির নাম প্রকাশ করা হয়নি। ২০১৫ সালের ১৯ নভেম্বর তদন্ত শুরু হয়ে তা শেষ হয় গত ১৬ ফেব্রুয়ারি। মামলায় ৬০ জন জবানবন্দি নেওয়া হয়। ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে।
আর যশোর অঞ্চলের ১২ জনের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, গণহত্যা প্রভৃতি মানবতাবিরোধী সাতটি অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। এঁদের মধ্যে আবদুল ওহাব মোল্লা (৮০), ওমর আলী শেখ (৬৪), বদরোদ্দোজা ওরফে বদিউজ্জামান (৭৫), মো. দাউদ শেখ (৬৭) ও গুলজার হোসেন (৭৫) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পলাতক আছেন সাতজন। এঁদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। সাক্ষী করা হয়েছে ৭৬ জনকে। সানাউল হক বলেন, আসামিদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হলেন গোলজার হোসেন খান। বাকি আসামিরা বিএনপি, জামায়াত ও মুসলিম লীগের রাজনীতিতে জড়িত আছেন।